Last Updated:
Marco Rubio: চারদিনের ভারত সফরে এসেছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ শুরুতেই কলকাতায় এলেন তিনি৷ শনিবার সকাল ৭ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করলেন মার্কিন বিদেশসচিব৷
কলকাতা: শনিবার কলকাতায় এলেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও৷ সকাল ৭ টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করলেন তিনি৷ চারদিনের ভারত সফরে এসে প্রথম দিনেই কলকাতায় পদার্পন করলেন মার্কিন বিদেশসচিব৷ মার্কো রুবিও কলকাতায় অবতরণের কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর৷ তাঁর এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল৷
রুবিও-র ভারত সফরের কথা শুক্রবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর৷ তাঁর কলকাতায় অবতরণের পর সার্জিও গোর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, ‘‘মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও কলকাতায় পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। আজ পরে তিনি নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামী কয়েক দিনে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, QUAD-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও অগ্রগতির পরিকল্পনা রয়েছে।’’
২০১২ সালে হিলারি ক্লিনটনের সফরের ১৪ বছর পর মার্কিন বিদেশসচিব কলকাতায়। সফরসূচির উল্লেখযোগ্য মাদার হাউস। কলকাতায় পৌঁছেই তিনি এজেসি বোস রোড মাদার হাউসে যান। মাদার হাউসে মাদার টেরিজার সমাধিস্থলে তিনি সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেন। মিশনারিজ অব চ্যারিটির সিস্টারদের আলাপ আলোচনা করেন।
এরপর তিনি যাবেন নির্মলা শিশু ভবন। সেখানে শিশুদের সঙ্গে দেখা করবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মত ঐতিহাসিক স্থান ঘুরে দেখার কর্মসূচিও রয়েছে। কলকাতায় সংক্ষিপ্ত সফর শেষে আজ দুপুরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। মার্কিন বিদেশ সচিবের ভারত সফরে(২৩ থেকে ২৬ মে) বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশলগত বিষয়গুলি সম্পর্কে আলোচনা হতে পারে।
Secretary Marco Rubio has landed in Kolkata. This is his first trip to India. Later today, we will call on Prime Minister @narendramodi in New Delhi. Trade, Technology, Defense, QUAD, and many other items to discuss and advance over the next few days!
— Ambassador Sergio Gor (@USAmbIndia) May 23, 2026
প্রসঙ্গত, শনিবার বিকেলে নয়াদিল্লির সেবা তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির-র সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে রুবিওর। সফরের আগে তিনি বলেন, “ভারতের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে। ভারত আমাদের বড় সহযোগী ও বন্ধু। তাই এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
সূত্রের খবর, রবিবার বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বিস্তৃত বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ, উদীয়মান প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার মতো বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনায় সরাসরি জড়িয়ে পড়েছে আমেরিকা এমত অবস্থায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং তার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব নিয়েও ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে৷
Kolkata,West Bengal
