কলকাতা : অমৃত ভারত প্রকল্পের আওতায় দুরারোগ্য অসুখের ওষুধে ৫০-৮০ শতাংশ পর্যন্ত ছাড় পেতে চলেছেন ক্রেতারা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের সংখ্যা ৪৬৯টি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ওষুধের দাম নিয়ে হামেশাই নাজেহাল হন সাধারণ মানুষ। তার মধ্যে আবার মাঝে মধ্যেই দাম বাড়ে ওষুধের। এবার সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যে ৪৬৯টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রকে, নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এও বলেছেন যে, ‘এর মাধ্যমে ব্লক হেলথ সেন্টার, বিপিএইচসি, সাব ডিভিশন হসপিটাল এবং ডিস্ট্রিক হসপিটাল কভার করবে। একজনের পরিবারে যদি মাসে ডায়াবেটিস, হাইপারটেনশন – এইসব মিলিয়ে ২ হাজার টাকার ওষুধ লাগে, সরকার নিয়ন্ত্রত ৪৬৯টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র চালু হলে, এটা ধরে নিতে পারেন আনুমানিক ২০০ টাকায় পৌঁছাবে। অন্তত ১০ গুণ সুবিধা পাবেন।’
এছাড়াও মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্রের পাশাপাশি অমৃত ভারত প্রকল্পের আওতায় দুরারোগ্য রোগের ওষুধের দামে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, অমৃত ভারত প্রকল্পের আওতায় দুরারোগ্য রোগের ওষুধের দামে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় দিয়ে তা বিতরণ করার কেন্দ্রের ব্যবস্থা করা হবে।