Last Updated:
Govinda: বাংলায় রাজনৈতিক পালাবদলের পরই বিপ্লবের মাটিতে পা রাখলেন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা৷ এদিন মেদিনীপুরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে বাংলার পালাবদল নিয়ে মুখ খুললেন বলি অভিনেতা৷ প্রিয় তারকাকে দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো৷
মেদিনীপুর, রঞ্জন চন্দ: বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ এবার মেদিনীপুরে। বিপ্লবের জেলায় পা রেখে বেশ আবেগাপ্লুত হয়ে পড়লেন প্রখ্যাত অভিনেতা গোবিন্দা। সম্প্রতি একটি বেসরকারি সংস্থার আয়োজনে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে মেদিনীপুরে এসেছিলেন তিনি। স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি বিজড়িত এই মাটিতে দাঁড়িয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
এ দিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোবিন্দা জানান, “মেদিনীপুরের মত এক ঐতিহাসিক স্থানে আসতে পেরে তাঁর খুব ভাল লাগছে। বেসরকারি ওই সংস্থার উদ্যোগে আয়োজিত সমাজকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি।” অভিনেতা জানান, “বাবা-মায়ের স্মৃতিতে আয়োজিত এই ধরনের সেবামূলক কাজ অত্যন্ত পুণ্যের। তাঁর মতে, সমাজ ও সাধারণ মানুষের কল্যাণের জন্য যে কাজ করা হয়, তা অমরত্ব লাভ করে। এই ধরনের একটি মহৎ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে তিনি রীতিমত আনন্দিত এবং আপ্লুত।”
তবে শুধু সাংস্কৃতিক বা সামাজিক আবহই নয়, গোবিন্দার এই সফরে প্রাসঙ্গিকভাবেই উঠে এসেছে রাজনীতির কথাও। বাংলায় সদ্য ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তন নিয়েও নিজের অবস্থান ও মতামত স্পষ্ট করেছেন তিনি। রাজ্যের এই রাজনৈতিক পালাবদলে তিনি যে বেশ আনন্দিত এবং আশাবাদী, তা এ দিন তাঁর কথাতেই পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, শিবসেনার একজন সক্রিয় সদস্য হিসেবে সদ্য মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে জোরদার প্রচার চালিয়েছিলেন তিনি। সেই রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনেই গোবিন্দা জানিয়েছেন, “মহারাষ্ট্রে প্রচার করার পর এবার মেদিনীপুরের মাটি থেকে বাংলার পরিবর্তনের জন্য তাঁর আন্তরিক শুভেচ্ছা রইল।”
Kolkata,West Bengal