Last Updated:
Falta Assembly Election 2026: ১ লক্ষ ৮ হাজার ভোটে ফলতায় ঐতিহাসিক জয় দেবাংশু পাণ্ডার। তৃণমূলের জামানত জব্দ। আর ‘পুষ্পা’র বাড়িতে? শ্মশানের নিস্তব্ধতা!
ফলতা: ফলতায় ১ লাখ ভোটের মার্জিন। জামানত জব্দ ‘পুষ্পা’ জাহাঙ্গিরের। বিজেপি প্রার্থীর মুখে চওড়া হাসি। আর ঠিক তখনই দেখা গেল উল্টো ছবি তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের এলাকায়। বাড়িতে তালা। কেউ নেই। শুনশান এলাকা।
ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের রেজাল্টে ধরাশায়ী তৃণমূল। বিজেপি ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ ‘পুষ্পা’ ব্রিগেড। রেকর্ড গড়লেন বিজেপির প্রার্থী দেবাংশু পাণ্ডা। ১ লক্ষ ৮ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয়ী হলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাধের ‘ডায়মন্ড হারবার মডেল’-এর গড়েই তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ।
চূড়ান্ত ফল ঘোষণার পরেই ফলতা-জুড়ে জয়ের উৎসবে মাতলেন ফলতাবাসী। মন্দিরে পুজো, ঢাকের বাদ্যি, আবির খেলায় রাস্তায় রাস্তায় দেখা গেল জনস্রোত। মহিলারা মাতলেন সিঁদুর খেলায়। উৎসবের সেই রঙেই ফ্যাকাসে যেন জাহাঙ্গির গলি।
তৃণমূলের গড়ে পদ্মফুল ফোটার আনন্দে যেন দীপাবলির চেহারা ফলতায়, ঠিক সেই সময় উল্টো ছবি তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে। একদিন ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’ হুঙ্কার তোলা সেই জাহাঙ্গির খানের বাড়িতেই এখন শ্মশানের নিস্তব্ধতা। দরজায় তালা ঝুলছে। বাড়িতে কেউ নেই। যে গলি একসময় ‘জাহাঙ্গিরের গলি’ নামে পরিচিত ছিল, সেই এলাকা ধরে হাঁটলেও শোনা যাচ্ছে না কোনও সাড়াশব্দ।
প্রসঙ্গত, ফলতায় বিজেপির ঐতিহাসিক জয় নিয়ে প্রার্থী দেবাংশু পাণ্ডাকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বার্তায় লিখেছেন, “ফলতার জনগণ তাঁদের রায় দিয়েছেন! গণতন্ত্রের জয় হয়েছে, এবং ভয় পরাজিত হয়েছে। ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ার জন্য দেবাংশু পান্ডা জি-কে আন্তরিক অভিনন্দন।” প্রধানমন্ত্রী দলীয় কর্মীদেরও অভিনন্দন জানিয়েছেন তাঁর বার্তায়, “এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থার প্রতিফলন।” জনগণ সব এলাকায় সরকারের উন্নয়নমূলক কাজ দেখছেন এবং সেই কারণেই তাঁরা আমাদের আরও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।”
অর্পণ মণ্ডল
Kolkata,West Bengal
