Last Updated:
শুক্রবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশে জানান, আগামী চার সপ্তাহ পরমব্রত চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। তবে আদালতের অনুমতিতে গড়িয়াহাট থানা নিজেদের মতো তদন্ত চালিয়ে যেতে পারবে। পাশাপাশি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছে অভিনেতাকে।
পাঁচ বছর আগের মন্তব্য বিতর্কে মামলা দায়ের হওয়ার পরেই বিপাকে পড়েছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেই মামলাতেই অভিনেতাকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের অন্তর্বতী নির্দেশ, আপাতত চার সপ্তাহের জন্য পরমব্রতের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
তবে গড়িয়াহাট থানা নিজের মতো তদন্ত চালাবে বলে জানিয়েছে আদালত। এই তদন্তে অভিনেতাকে সবরকম সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত,রাজনৈতিক পালাবদলের পরই বড়সড় বিপাকে পড়েছেন টলিউড অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়৷ সমাজ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয় স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।
গত ২২শে মে এই অভিযোগকে কেন্দ্র করে মামলা রুজু করে পুলিশ৷ আগামী ৭ দিনের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে গড়িয়াহাট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত শনিবার স্বস্তিকা মুখোপাধ্যায় থানায় এসে হাজিরা দেন৷ সেই সময় অভিনেত্রী এলেও পরমব্রত চট্টোপাধ্যায় এখনও হাজিরা দিতে আসেননি৷
প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তদন্তকারীরা জানতে চান, কেন তিনি একটি উস্কানিমূলক পোস্টকে সমর্থন করেছিলেন এবং সেই পোস্টে মন্তব্য করেছিলেন। তদন্তে আরও জানতে চাওয়া হয়, ওই মন্তব্য করার পর শহরের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী হিংসারো ঘটনা ঘটেছিল, সে সম্পর্কে তিনি অবগত ছিলেন কি না? জিজ্ঞাসাবাদের সময় অভিনেত্রীর স্টেটমেন্টও রেকর্ড করা হয়।
কেন পাঁচ বছর পরে অভিযোগ দায়ের করা হল, সেই প্রশ্নের উত্তরে এক সংবাদমাধ্যমে কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং অভিযোগকারী জয়দীপ সেন জানান, তিনি এতদিন টুইটারে ছিলেন না। সম্প্রতি এক সাংবাদিকের পোস্ট দেখে বিষয়টি তাঁর নজরে আসে। তাঁর দাবি, ওই মন্তব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে হিংসা উসকে দিতে পারে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ঘটেছিল আইপিসি কার্যকর থাকার সময়, তাই ভারতীয় ন্যায় সংহিতা চালু হলেও এই মামলায় আইপিসির ১০৭ ধারাই প্রযোজ্য হবে। গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন আইনজীবী জয়দীপ সেন।এই বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে ফোন করা হলে, তাঁরা ফোন ধরেননি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 29, 2026 11:48 AM IST
