প্রাক বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির আরও একটা স্পেল চলবে আজ বৃহস্পতিবার থেকে শুরু করে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। ‘ফিল লাইক টেম্পারেচার’-ও বেশি হবে। পশ্চিমের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে কিছু জেলায়। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ এবং মেঘলা আকাশের সম্ভাবনা। পরিষ্কার আকাশ হলে রোদের তেজ তীব্র হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেল থাকবে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দার্জিলিং থেকে কোচবিহার এই পাঁচ জেলাতে। অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দু-এক জেলায়।
আজ, বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার থেকে মঙ্গলবার ভারী বৃষ্টির স্পেল। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। উইকেন্ডে শুক্রবার, শনিবার এবং রবিবার অতি ভারি বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
দার্জিলিং থেকে মালদহ, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। সোম ও মঙ্গলবার ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
গরম এবং অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য উপরে থাকবে। ‘ফিল লাইক টেম্পারেচার’ অনেকটাই বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। গরম ও অস্বস্তিকর আবহাওয়া হাঁসফাঁস অবস্থা বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কয়েক জেলায়। দু-এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। গরম এবং অস্বস্তি বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে।
শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে।
এই জেলাগুলি ছাড়া বাকি জেলাতেও বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। অল্প সময়ের এই ঝড়বৃষ্টি স্থানীয়ভাবে যে কোনও জায়গায় হতে পারে। মঙ্গলবার পর্যন্তই পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের ৷
কলকাতার আবহাওয়া:
দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে পারদ। আংশিক মেঘলা আকাশ। কখনও পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। আকাশ পরিষ্কার হলেই রোদের তেজ বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা উপরে থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে। বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির স্বল্প সময়ের ঝড়ের সামান্য সম্ভাবনা রয়েছে। আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার।