Last Updated:
Dowry Death: বাবার সঙ্গে ফোনে কথা বলার সময় মেয়ের কণ্ঠে আর্তস্বর। ভূরি ভূরি পণ যৌতুকের পরও চাই আরও টাকা। উত্তর প্রদেশের তরুণী ফের পণের বলি বিয়ের ৩ মাসের মধ্যেই
লখনউ: নয়ডা, ভোপাল, গোয়ালিয়রের পর এ বার আমরোহা। উত্তর প্রদেশের এই শহরে উঠল পণ ও যৌতুকের দাবিতে তরুণীর অপমৃত্যুর অভিযোগ উঠল। এক মর্মান্তিক ঘটনায়, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের আমরোহায় এক ১৯ বছর বয়সি নববিবাহিতা তরুণীকে তাঁর শ্বশুরবাড়িতে সন্দেহজনক পরিস্থিতিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা আগেই তিনি দুর্দশার কথা জানিয়ে তাঁর বাবাকে ফোন করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আকুতি জানিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
মৃতা পুষ্পেন্দ্রী দেবী চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি গাজরৌলা এলাকার খুমাওয়ালি গ্রামের কৃষক ওমপালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, তাঁর পরিবার যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ এনেছেন।
পুষ্পেন্দ্রীর বাবা বলবীর সিংয়ের মতে, বিয়ের সময় তাঁদের আর্থিক সামর্থ্য অনুযায়ী গয়না, নগদ টাকা ও অন্যান্য গৃহস্থালির সামগ্রী-সহ যৌতুক দেওয়া হয়েছিল। তবে তিনি অভিযোগ করেন যে, এতে তাঁর মেয়ের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও অন্যান্য আত্মীয়রা অসন্তুষ্ট এবং অতিরিক্ত ১০ লক্ষ টাকা দাবি করছেন।
বলবীরের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর মেয়ে তাঁকে ফোন করে এবং কথা বলার সময় কাঁদতে থাকেন। তিনি বলেন, “সে বার বার বলছিল, বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আমি ওকে বলেছিলাম যে আমি এসে ওকে বাড়ি নিয়ে যাব, কিন্তু আমি সেখানে পৌঁছনোর আগেই আমাদের জানানো হয় যে ও মারা গিয়েছে।”
সার্কেল অফিসার পঙ্কজ কুমার ত্যাগী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, যৌতুকজনিত মৃত্যু ও নিষ্ঠুরতা সংক্রান্ত ধারার পাশাপাশি যৌতুক নিরোধ আইনের বিধানে পুষ্পেন্দ্রীর স্বামী ওমপাল, শ্বশুর রাজেন্দ্র, শাশুড়ি ইন্দ্রাবতী এবং আরও দুজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। “মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গলায় ফাঁস লাগানোর চিহ্ন পাওয়া গেছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে পলাতক অভিযুক্তদের গ্রেফতারের জন্য দল গঠন করা হয়েছে,” জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, এই রহস্যমৃত্যুর আরও তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই অপমৃত্যু খুন না আত্মহত্যা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
(Disclaimer: Suicide Prevention. News 18. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 21, 2026 12:03 PM IST
