পেশোয়ার: বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে বৈভব সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট গ্রহেই শুধু নয়, এবার পাকিস্তানেও বৈভবের প্রশংসা শোনা যাচ্ছে। আইপিএলের মঞ্চে একের পর এক বিধ্বংসী ইনিংস, তাও আবার মাত্র ১৫ বছর বয়সেই। রীতিমত নাকানিচোবানি খেতে হচ্ছে প্রতিপক্ষ দলের বোলারদের বৈভবকে থামানোর জন্য। সচিন তেন্ডুলকর, ক্রিস গেল, আন্দ্রে রাসেলরা দরাজ সার্টিফিকেট আগেই দিয়েছেন। তালকায় আছেন কিংবদন্তি সুনীল গাওস্করও। সেই তালিকায় এবার পাকিস্তানি ব্যবসায়ী জাভেদ আফ্রিদি, যিনি পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির মালিক। সোশ্যাল মিডিয়ায় ১৫ বছর বয়সি বিস্ময় বালকের প্রশংসায় দরাজ সার্টিফিকেট দিয়েছেন তিনি।
পেশোয়ার জালমির মালিক নিজের পোস্টে লিখেছেন, ‘আমি সত্যিই ১৫ বছর বয়সি বৈভব সূর্যবংশীর ৯৭ রানের ইনিংসটি দেখে অবাক! যেভাবে সে খেলেছে, পুরোপুরি রুদ্ধশ্বাস। এত অল্প বয়সে এমন প্রতিভা সত্যিই বিরল ও বিশেষ ধরণের। বিশাল সম্মান ও ভালোবাসা, তুমি ভবিষ্যতের এক সুপারস্টার হতে চলেছ! এভাবেই এগিয়ে যাও।’
জাভেদ আফ্রিদি পিএসএলের ফ্র্যাঞাইজিগুলোর কাজ সম্পর্কেও বার্তা দেন। বৈভবের মতই পাকিস্তানের এমন অনেক প্রতিভা থাকতে পারে, যাদের তুলে আনা প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি লেখেন, ‘এই কারণেই আমাদের পিএসএল-এর মতো লিগগুলো এত গুরুত্বপূর্ণ যে আমাদের আরও প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যাতে আমাদের পাকিস্তানি ছেলেরা একই সুযোগ পায় তাদের প্রতিভা দেখানোর ও বৈভবের মতোই বিশ্বকে আলোকিত করতে পারে।’
রাসেলের প্রশংসা
বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ হলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান সুপারস্টার নিজের সোশ্য়াল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘অনেকেই তোমার বয়স নিয়ে খোঁটা দেবে। অনেকেই প্রশ্ন করবে। কিন্তু নিন্দুকদের কথায় কান দিও না। আমি তোমার ব্যাটিংয়ের ভক্ত হয়ে গিয়েছি।’