Last Updated:
Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তিতে গ্রাহকদের ৬০ হাজার টাকা দেওয়া হয়। সেই অর্থ ঠিক মতো খরচ করলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায়।
কোচবিহারঃ সাধারণ মানুষের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে বহু নানা জনকল্যাণমুখী প্রকল্প চালু করা হয়। এমনই একটি স্কিম হল বাংলার বাড়ি। তৃণমূল সরকারের আমলে কয়েক বছর আগে বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়। এই স্কিমে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া শুরু করে তৎকালীন রাজ্য সরকার। নতুন বিজেপি সরকার এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলে আশায় রয়েছেন কোচবিহারের লক্ষাধিক উপভোক্তা।
গত জানুয়ারি মাস থেকে বাংলার বাড়ি ফেজ ২ প্রকল্পে গ্রাহকদের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করেছিল তৃণমূল সরকার। জানা যাচ্ছে, কোচবিহারের ১ লক্ষ ৮৬ হাজারের বেশি উপভোক্তা সেই ৬০ হাজার টাকা পেয়েছিলেন। এবার নতুন সরকার দ্বিতীয় কিস্তির টাকা দেবে বলে আশায় রয়েছেন জেলার বাংলার বাড়ি প্রকল্পের গ্রাহকরা।
বাংলার বাড়ি প্রকল্পে কিস্তিতে কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। প্রথম ধাপে ৬০ হাজার টাকা পান গ্রাহকরা। সেই টাকা বাড়ি তৈরির জন্য ঠিক মতো খরচ করলে দ্বিতীয় ধাপের টাকা পাওয়া যায়। সেই জন্য অবশ্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রত্যেক ব্লকে থাকা একজন করে আধিকারিক গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন।
এদিকে গত মার্চ মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ায় নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়। প্রায় মাস দুয়েক ধরে নানা সরকারি প্রকল্পের কাজ বন্ধ আছে। এবার নতুন বিজেপি সরকার গঠনের পর বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির জন্য আবেদন জানিয়েছেন গ্রাহকরা।
এই বিষয়ে জেলার অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) শান্তিরাম গড়াই জানান, এখনও অবধি আবাস যোজনা নিয়ে কোনও নির্দেশ আসেনি। যেমন নির্দেশ আসবে সেভাবেই কাজ করা হবে বলে জানান তিনি। এবার এই প্রকল্পে কী নির্দেশ আসে সেদিকেই নজর কোচবিহারের লক্ষাধিক উপভোক্তার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
