Last Updated:
পঞ্জাবের চারটি বড় পুরনিগমেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আপ৷ মোহালিতে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয় পেয়েছে আপ৷
২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে পঞ্জাবের পুরভোটে একপেশে জয় পেল আম আদমি পার্টি৷ পঞ্জাবের শহর এবং মফস্বল এলাকাগুলির অধিকাংশ পুরসভাই দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল৷
পঞ্জাবের রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পুরসভাগুলির মোট ১৯৭৭ ওয়ার্ডের মধ্যে ৯৫৪টিতেই জয় পেয়েছে আপ৷ মোট আসনের ৪৮ শতাংশই দখল করেছে পঞ্জাবের শাসক দল৷ দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস জয়ী হয়েছে ৩৯৩টি ওয়ার্ডে৷ শিরোমণি অকালি দল দখল করেছে ১৯২টি ওয়ার্ড৷
পঞ্জাবের পুরভোটে বিপর্যস্ত হয়েছে বিজেপি৷ মাত্র ১৭২টি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা৷ পদ্ম শিবিরের ১১০০ প্রার্থীর জমানত বাজেয়াপ্ত হয়েছে৷
তবে উল্লেখযোগ্য ভাবে প্রায় ২৫১ জন নির্দল প্রার্থী পুরভোটে জয়ী হয়েছেন৷ মাত্র ৭টি আসনে জয় পেয়েছে মায়াবতীর দল বিএসপি৷
দু বছরের মধ্যেই পঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে৷ তার আগে পুরভোটের ফলে প্রমাণিত হল পঞ্জাবের শহর এবং মফস্বল এলাকাগুলিতে এখনও শাসক দল আম আদমি পার্টির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে৷ অন্যদিকে পঞ্জাবে পায়ের তলার মাটি শক্ত করতে চাইলেও পুরভোটে জোর ধাক্কা খেল বিজেপি৷ নির্দল প্রার্থীদের জেতা সম্মিলিত আসন এবং শিরোমণি অকালি দলের থেকেও কম আসন পেয়ে ৫ নম্বরে শেষ করল তারা৷
মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের দাবি, রাজ্যের মানুষ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিই সমর্থন জানিয়েছেন৷ একই সঙ্গে তাঁর দাবি, মানুষ ঘৃনার রাজনীতিকে খারিজ করেছেন৷ আপ-কে বিপুল সমর্থনের জন্য পঞ্জাবের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন দলের প্রধান অরবিন্দ কেজরীওয়াল৷
বিজেপি-কে নিশানা করে অরবিন্দ কেজরীওয়াল বলেন, ‘ইডি পার্টি মুছে গিয়েছে৷ রাজ্যের ছোট ছোট ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে তাঁদের হয়রান করেছিল ইডি পার্টি৷ পঞ্জাবের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে৷’
তবে পঞ্জাবের বিরোধী দলগুলির অভিযোগ, নির্বাচনে ক্ষমতা এবং প্রশাসনের অপব্যবহার করেছে শাসক দল আম আদমি পার্টি৷
Kolkata,West Bengal
