Last Updated:
Operation Sindoor 2.0: ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও সম্পূর্ণ শেষ হয়নি। পরিস্থিতির প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর ২.০’-এর মতো পদক্ষেপও করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
নয়াদিল্লি: ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনও সম্পূর্ণ শেষ হয়নি। বর্তমানে শত্রুতামূলক কর্মকাণ্ডে সাময়িক বিরতি থাকলেও ভারতীয় সেনার তিন বাহিনী সর্বদা সতর্ক এবং প্রস্তুত।
পুনের খড়গবাসলার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ)-র ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেড পর্যালোচনা করতে গিয়ে তিনি বলেন, “ভারতীয় সেনা, বায়ুসেনা এবং নৌসেনা ভবিষ্যতের সম্ভাব্য যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে”। পরিস্থিতির প্রয়োজন হলে ‘অপারেশন সিঁদুর ২.০’-এর মতো পদক্ষেপও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানান, বর্তমানে তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা, যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং ভবিষ্যতের যুদ্ধকালীন পরিস্থিতি অনুযায়ী নিজেদের প্রস্তুত করে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত বাস্তবতার কথাও তুলে ধরেন জেনারেল দ্বিবেদী। তাঁর মতে, উন্নত প্রযুক্তি এবং নজরদারির কারণে সীমান্ত এলাকায় বাহিনীর চলাচল বা সেনা মোতায়েন সংক্রান্ত প্রায় প্রতিটি তথ্যই প্রতিপক্ষের নজরে চলে যাচ্ছে। তিনি বলেন, “দিনের ২৪ ঘণ্টাই যুদ্ধক্ষেত্র এতটাই স্বচ্ছ যে প্রতিটি গতিবিধি অপর পক্ষ জানতে পারছে।” তাই সেনা মোতায়েন, সামরিক কৌশল নির্ধারণ এবং সীমান্ত অঞ্চলে সেনা ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও আধুনিক সংঘাতে তথ্যযুদ্ধের (Information Warfare) গুরুত্বও তুলে ধরেন সেনাপ্রধান। তাঁর মতে, কোনও দেশের সাফল্য অনেকটাই নির্ভর করে জাতীয় ঐক্য এবং বিশ্বাসযোগ্য তথ্যের প্রতি জনগণের আস্থার ওপর। জেনারেল দ্বিবেদী বলেন, “তথ্যযুদ্ধ তখনই সফল হয়, যখন গোটা দেশ একসঙ্গে থাকে এবং তথ্য প্রদানকারীদের ওপর আস্থা রাখে।”
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
