Last Updated:
দীর্ঘ প্রায় চার দশক পর কলকাতা মেট্রো পরিকাঠামোয় এই গুরুত্বপূর্ণ বদল করা হল৷ এর একাধিক সুফল পাবেন মেট্রো যাত্রীরাও৷
কলকাতা মেট্রোর নর্থ-সাউথ বা ব্লু লাইনে ৩৮ বছরের পুরনো স্টিলের থার্ড রেল বদলে উন্নত অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানোর কাজ শেষ হল। সিঙ্গাপুর, লন্ডন, মস্কো বা বার্লিনের মতো আন্তর্জাতিক মানের পরিষেবা দিতে এবং মেট্রোর গতি বাড়াতে এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়:অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় এর মাধ্যমে প্রায় ৮৪ শতাংশ শক্তি অপচয় ও ভোল্টেজ ড্রপ রোধ করা সম্ভব হচ্ছে।
মেট্রোর গতি বৃদ্ধি: থার্ড রেল বদলের ট্রেন অনেক দ্রুত গতি তুলতে পারে এবং ভবিষ্যতে মেট্রো চলাচলের সময়ের ব্যবধান (Headway) কমিয়ে মাত্র ১৫০ সেকেন্ড বা আড়াই মিনিটে আনা সম্ভব।
কম রক্ষণাবেক্ষণ: অ্যালুমিনিয়ামে মরচে পড়ার বা ক্ষয় হওয়ার কোনো ভয় থাকে না, ফলে এতে রক্ষণাবেক্ষণ খরচ ও সময় দুই-ই অনেক কমে যায়।
পরিবেশবান্ধব: এই আধুনিক থার্ড রেল ব্যবস্থায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং এর জীবনকালে প্রায় ৮৩,০০০ টন পর্যন্ত কার্বন নির্গমন কমানো সম্ভব।
মেট্রো রেল সূত্রে খবর, থার্ড রেল বদল করে অ্যালুমিনিয়ামের করায় শুধুমাত্র বিদ্যুৎ অপচয় বন্ধ করেই বছরে প্রায় ১ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে৷ ইতিমধ্যে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত উত্তর দক্ষিণ মেট্রো করিডরের বা ব্লু লাইনের গোটা রেল পথেই অ্যালুমিনিয়ামের থার্ড রেল বসানোর কাজ শেষ হয়েছে৷ দুটি পর্যায়ে এই কাজ করা হয়৷
দৈনিক প্রায় ২০০ মিটার করে অংশে থার্ড রেল বদলের কাজ হয়েছে বলেই মেট্রো রেল সূত্রে খবর৷ মেট্রোর নতুন যে রুটগুলি চালু হয়েছে, সেখানে অবশ্য প্রথম থেকেই অ্যালুমিনিয়ামের থার্ড রেল রয়েছে৷
Kolkata,West Bengal
