Last Updated:
Kalita Maji: সাধারণ গৃহপরিচারিকার মন্ত্রী হয়ে ওঠার গল্প ইতিমধ্যেই চর্চায়। আজ লোকভবনে সপরিবারে পৌঁছেই কী বললেন কলিতা মাজি? তাঁর জয়কে সাধারণ মানুষের জয় আখ্যা দিলেন আয়ুশগ্রামের বিধায়ক।
কলকাতা: পূর্ব বর্ধমানের আয়ুশগ্রাম থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন ‘কাজের দিদি’ কলিতা মাজি। একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করতেন কলিতা। আর সেখান থেকেই হয়ে উঠেছেন ভোটের যোদ্ধা তাঁর নির্বাচনের লড়াই নিয়ে বার বারই আলোচনা ও চর্চা হয়েছে ছাব্বিশের ভোট পর্বে। আয়ুশগ্রামের একদম নিম্নবিত্ত শ্রেণী থেকে উঠে আসা এই বিধায়ককেই এবার দেখা গেল রাজ্য মন্ত্রিসভায়।
শপথ অনুষ্ঠানে সপরিবারে লোকভবনে পৌঁছন কলিতা মাজি। চোখে জল। স্বভাবতই চোখে-মুখে ফুটে উঠেছে খুশির আভাস। বললেন, “আমাকে যে দল তুলে নিয়ে এসে প্রার্থী করেছে সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। মানুষের আশীর্বাদে আমি জিতেছি। আমাকে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হয়েছে। যে দায়িত্বই দেওয়া হোক, আমি চেষ্টা করব মানুষের জন্য কাজ করার। যে অংশের মানুষের আমি প্রতিনিধিত্ব করি, আমি মনে করি সেই শ্রেণীর মানুষের কথা তুলে ধরাটা খুব জরুরি। আমার এই মন্ত্রিত্ব পাওয়াটা সাধারণ মানুষের জয় বলে মনে করছি।”
টিম শুভেন্দুতে আজ মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ১৩ জন পূর্ণ মন্ত্রী। তালিকায় রয়েছেন, দীপক বর্মণ, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওঁরাও, অর্জুন সিংহ, গৌরী শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, শারদ্বত মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অরূপ কুমার দাস, অজয় কুমার পোদ্দার ও দুধকুমার মণ্ডল।
স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, মালতি রাভা রায়, রাজেশ মাহাত, ইন্দ্রনীল খাঁ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন, জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেড়া, আনন্দময় বর্মণ, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রায়, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা ও সুমনা সরকার।
Kolkata,West Bengal
