আমদাবাদ: আইপিএলের মঞ্চে গত মরশুমে প্রথমবার নেমেছিল সে। তখন বয়স ছিল মাত্র ১৪। আর নিজের দ্বিতীয় মরশুমে অর্থাৎ ১৫ বছর বয়সেই একাধিক পদক ঝুলিতে পুরে নিল বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে না পারলেও অরেঞ্জ ক্যাপ তার দখলেই রেখেছে বৈভব। আরও অনেকগুলো পদক জিতেছে বিস্ময় বালক। গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে প্রতিপক্ষ দলের বোলারদের শাসন করেছে সে। আর এবার নিজের ক্রিকেট কেরিয়ার নিয়েও বড় বিবৃতি দিয়ে দিল বৈভব।
টি-টোয়েন্টি ক্রিকেটের মারকাটারি ব্য়াটিং দেখে বৈভবের প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু আদৌ কি বৈভব দীর্ঘ সময়ে ধরে খেলতে পারবেন? এই নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার যদিও সবার প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিয়েছে বৈভব। ফাইনালের রাতে স্টার স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ১৫ বছরের বিস্ময় বালক বলছে, ‘আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমার বাবা আমাকে শিখিয়েছেন যে টেস্ট ক্রিকেটটাই ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ। ওখানেই পারফর্ম করতে চাই আমি।’