আমদাবাদ: প্রকৃত অর্থে এ বারের আইপিএলটা (IPL 2026) বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) জন্য স্বপ্নের মতোই ছিল। এক ঐতিহাসিক মরশুম কাটিয়েছে সে। সেই মরশুম শেষে এক, দুই নয়, পাঁচ পাঁচটি ব্যক্তিগত পুরস্কার জিতল ‘বিস্ময় বালক’। কী কী পুরস্কার জিতল বৈভব আর তার জন্য আর্থিকভাবে কত আয় হল তার?
ব্যাটার হিসাবে মরশুম শেষে ব্যক্তিগত পুরস্কারগুলি ক্ষেত্রে বৈভব সূর্যবংশীরই দাপট দেখা গিয়েছে। টুর্নামেন্টে সবথেকে বেশি ৭২টি ছয়, সর্বাধিক ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ব্যাট করে ‘সুপার স্ট্রাইকার’, সর্বাধিক ৭৭৬ রান করে ‘অরেঞ্জ ক্যাপ’, সবই বৈভব জিতেছে। এখানেই কিন্তু শেষ নয়। ১৫ বছর বয়সি বিস্ময়বালক সবথেকে প্রতিভাবান উঠতি ক্রিকেটার এবং টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, দুই পুরস্কারই জিতেছে। প্রথম ক্রিকেটার হিসাবে সে এই দুই পুরস্কার নয়, একই মরশুমে পাঁচ পুরস্কার জিতে ইতিহাস সৃষ্টি করেছে বৈভব।
আরও পড়ুন:- অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
সব মিলিয়ে এই পুরস্কারগুলির জন্য সে কত টাকা পেল? টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার জন্য বৈভব ১৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পেয়েছে। এছাড়া অরেঞ্জ ক্যাপ, সুপার স্ট্রাইকার, সর্বাধিক ছক্কা মারা এবং সেরা উঠতি প্রতিভার পুরস্কার জয়ের জন্য ১০ লক্ষ টাকা করে পেয়েছে। অর্থাৎ টুর্নামেন্টশেষে কেবল পুরস্কারমূল্য বাবদই বৈভব ৫৫ লক্ষ টাকা পেয়েছে। এর সঙ্গে সেরা ক্রিকেটার হিসাবে গাড়ি তো রয়েইছে।
এ মরশুমের আইপিএল থেকে প্রাপ্ত মোট অর্থের পরিমাণ হিসাব করলে সংখ্যাটা আরও বাড়ে। ম্যাচ ফি বাবদ প্রতি ম্যাচ থেকে বৈভব সাড়ে সাত লক্ষ টাকা করে, ১৬ ম্য়াচ খেলার জন্য মোট ১ কোটি ২০ লক্ষ টাকা পেয়েছে রাজস্থান রয়্যালসের তরুণ তুর্কি। এছাড়া ম্যাচ সেরার পুরস্কার, একাধিক ম্য়াচে সর্বাধিক ছক্কা হাঁকানোর পুরস্কার তো রয়েইছে। পাশাপাশি তাকে নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় গত মরশুমে দলে নিয়েছিল রয়্যালসরা। সেই টাকাও সে পাবে। সব মিলিয়ে এই আইপিএল থেকেই ১৫ বছর বয়সি বৈভবের আয় মোটামুটি সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি।
অর্থাৎ ২২ গজে ব্যাট হাতে শাসন আর আর্থিক উপলব্ধি, দুই দিক থেকেই এ মরশুমে কিন্তু বৈভব বাম্পার হিট। আক্ষেপ খালি একটাই, সবকিছুর পরেও আইপিএল ট্রফিটা অধরাই রয়ে গেল।