Last Updated:
এ দিন সাংবাদিক বৈঠক করতে গিয়ে একাধিকবার তৃণমূলকে ‘উঠে যাওয়া দল’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
নাম না করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর, হেনস্থার ঘটনাকে জনরোষ বলেই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে তৃণমূলকে কার্যত উঠে যাওয়া পার্টি বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, বিচ্ছিন্ন যে ঘটনা ঘটছে তা জনরোষেরই প্রতিফলন৷ কিন্তু তৃণমূল নেতাদের গায়ে হাত তুলে তাঁদের সস্তার প্রচার করার সুযোগ না করে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
গত শনিবার সোনারপুরে দলের মৃত কর্মীর বাড়িতে যাওয়ার সময় চরম হেনস্থার মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মারধরের পাশাপশি তাঁকে লক্ষ্য করে ডিম, পাথর ছোড়া হয়৷ শেষ পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে অভিষেককে উদ্ধার করে৷
শুভেন্দু অধিকারী এ দিন নবান্নে বলেন, পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ, ‘বিজেপি কর্মীদের অনুরোধ করব আইন হাতে তুলে নেবেন না৷ বহু জায়গায় বিধায়ক, কাউন্সিলরদের অফিস থেকে সরকারি মাল উদ্ধার হচ্ছে৷ কার্যত উঠে যাওয়া একটা পার্টি, ফলতার ভোটে চতুর্থ হয়েছে, কোনওরকম ভাবে তাঁদের লোকেদের বিক্ষোভ দেখিয়ে, আইন হাতে তুলে নিয়ে সস্তার প্রচার করার সুযোগ করে দেবেন না৷ যদিও যে বিক্ষোভ এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে৷ যদিও সব জায়গায় যে বিক্ষোভ হচ্ছে তার সঙ্গে রাজনৈতিক দল যুক্ত নয়, এটা জনরোষ, আমরা জানি এটা৷ আমরা বলবো আপনারা অভিযোগ জানান, আমরা ব্যবস্থা নেব। এখানের আইন এর শাসন প্রতিষ্ঠা হচ্ছে। সবাই তো বদলে গিয়েছে। প্রশাসন, পুলিশ এত সক্রিয়। এই বদলটাই মানুষ চেয়েছিলেন।’
রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিহিংসাপরায়ণতার যে অভিযোগ তৃণমূল তুলছে, এ দিন সেই অভিযোগও নস্যাৎ করেছেন শুভেন্দু অধিকারী৷
Kolkata,West Bengal
