Last Updated:
২০১৭ সালে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছিল সিপিএম৷ এর কিছুদিনের মধ্যেই তৃণমূলে যোগ দেন তিনি৷
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে ঠিক করেছিল সিপিএম৷ এ দিন উলুবেড়িয়া পূর্বের বিধায়ককে বহিষ্কারের পর এমনই মন্তব্য করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঋতব্রতকে টিকিট দেওয়া তৃণমূলের বড় ভুল ছিল মেনে নিয়ে ক্ষমাও চেয়েছেন মমতা৷
এ দিন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে তৃণমূল৷ দলবিরোধী এবং অনৈতিক কাজের অভিযোগে দুই বিধায়ককে বহিষ্কার করা হয়েছে৷
ঋতব্রতর নাম না করে এ দিন ফেসবুক লাইভে এসে তৃণমূলনেত্রী বলেন, যাঁরা মানুষের ভোট নিয়ে গদ্দারি করছেন, অনেকে হয়তো ভয় পাচ্ছেন৷ ভয় না পেলে আপনাকে হয়তো একমাস জেলে থাকতে হবে৷ কিন্তু তার পর আপনি মুক্ত হয়ে যাবেন৷ তাই ক্ষণিকের জন্য কারও কথায় কোনও সিদ্ধান্ত নেবেন না৷ আর সিদ্ধান্ত দিচ্ছে কে, আগে সিপিএম দল করত, নীতিহীন একজন৷ আমাদের ভুল হয়েছে তাঁকে টিকিট দেওয়া৷ পায়ে পড়েছিল এসে৷ সিপিএম ঠিক করেছিল ওকে তাড়িয়ে দিয়ে, অন্তত এই একটা ক্ষেত্রে তাঁদের আমি সাধুবাদ জানাচ্ছি৷ তা সত্ত্বেও তাঁকে আমরা দু বার সংসদে জিতিয়েছি৷ অন্য লোকের টিকিট কেটে তাঁকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে৷ আজকে তাঁদের কাছে আমি হাতজোড় করে ক্ষমা চাইছি৷ যে এরা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করল৷
বিরোধী দলনেতা নির্বাচনের জন্য লেখা চিঠিতে তৃণমূলের পক্ষ থেকে তাঁদের সই জাল করা হয়েছে বলে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন৷ এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেকথা জানান৷ এরপরেই ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করে দেয় তৃণমূল৷ সিদ্ধান্তের কথা বিধানসভার অধ্যক্ষকেও জানিয়ে দিয়েছে তৃণমূল৷
তৃণমূলে যোগ দেওয়ার পর একাধিক গুরুদায়িত্ব সামলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি৷ পাশাপাশি তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদও হন ঋতব্রত৷ বিধানসভা নির্বাচনে তাঁকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করে তৃণমূল৷
Kolkata,West Bengal
