Last Updated:
West Medinipur News: ছোটবেলায় থেকেই গিটারের প্রতি আগ্রহ, পেশায় আইনজীবী হয়েও সুরের প্রতি তার অগাধ টান৷ কলকাতা হাইকোর্টে সারাদিন কাজের পরও দিনের শেষে বাড়ি ফিরে সময় কাটান গিটারের সঙ্গে৷
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: মুখে গাল ভর্তি দাড়ি, কাঁধ ছাপানো লম্বা চুল। প্রথম দেখায় যে কারও মনে হতে পারে তিনি আদ্যোপান্ত একজন শিল্পী। কথাটি ভুল নয়, তবে তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি পেশায় একজন আইনজীবী। নাম দেবার্ঘ্য ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের নতুন বাজার এলাকার এই তরুণ পেশা আর নেশাকে এক সুতোয় বেঁধেছেন অনায়াসে।
ছোটবেলা থেকেই বাড়িতে আদ্যোপান্ত সাংস্কৃতিক পরিবেশ। বাবা শান্তিদেব ঘোষ পেশায় আইনজীবী হলেও তিনি রবীন্দ্রসঙ্গীত ও তবলায় অত্যন্ত দক্ষ। মা এবং দিদি দু’জনেই নাচে পারদর্শী। এমন সাঙ্গীতিক আবহে বেড়ে ওঠা দেবার্ঘ্যর মনে শৈশব থেকেই সঙ্গীতের বীজ পোঁতা হয়ে গিয়েছিল। ছোটবেলায় মেলায় গিয়ে অন্য কোনও খেলনার বদলে তিনি বায়না করতেন খেলনা গিটারের। সেই খেলনা গিটার থেকেই ধীরে ধীরে সুরের প্রতি তাঁর ভালবাসা গাঢ় হয়। বাবার সংস্কৃতি চর্চা দেখে অনুপ্রাণিত ছেলে ২০০৪-০৫ সাল নাগাদ, যখন তিনি প্রথম শ্রেণীর ছাত্র, তখন থেকেই গিটারের প্রথাগত তালিম নেওয়া শুরু করেন।
পেশাগত জীবনে দেবার্ঘ্য, মেদিনীপুর আদালত থেকে শুরু করে কলকাতা হাইকোর্টেও ওকালতি করেন। কিন্তু সারাদিনের হাড়ভাঙা আইনি কাজের খাটুনির পরেও ঘরে ফিরে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট গিটার নিয়ে বসেন তিনি। সঙ্গীতের প্রতি তাঁর এই গভীর টান তাঁকে এনে দিয়েছে বহু স্বীকৃতি। সর্বভারতীয় সঙ্গীত পরিষদ থেকে তিনি ‘বি-মিউজ’ এবং সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকে ‘এম-মিউজ’ ও ‘বি.এড ইন মিউজিক’ করেছেন। এছাড়াও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে বেলদা কলেজ থেকে গিটারের উপর একটি বিশেষ কোর্সও সম্পন্ন করেছেন। তাঁর এই প্রতিভা জেলা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও সমাদৃত। ইন্টারন্যাশনাল গিটার ফেস্টিভ্যালে তিনি দু’বার পুরস্কৃত হয়েছেন এবং ২০১৯ সালে রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন।
Kolkata,West Bengal