Last Updated:
Birbhum News: টোল বিতর্ক কাটিয়ে দুবরাজপুরের বাবুপুর ফেরিঘাট চালুর একদিনের মাথাতেই ফের বড় ধাক্কা। আচমকা অজয় নদে জলের স্তর বাড়ায় মেরামতি করা অংশটি জলের তোড়ে সম্পূর্ণ ভেঙে যায়। ফলে মঙ্গলবার সকাল থেকে লোবা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের লাইফলাইন বিচ্ছিন্ন, যাতায়াতের একমাত্র ভরসা এখন বিপজ্জনক বাঁশের মাচা।
দুবরাজপুর, বীরভূম: ২৪ ঘণ্টা আগেই মেরামত করা হয়েছিল ফেরিঘাট। কিন্তু বর্ষার শুরুতেই প্রকৃতির খামখেয়ালিপনায় সেই আনন্দ ফিকে হয়ে গেল বীরভূমের দুবরাজপুর ব্লকে। মেরামতের একদিন কাটার আগেই অজয় নদের জলের তোড়ে ফের ভেসে গেল ফেরিঘাটের ভাসা ব্রিজ। যার জেরে মঙ্গলবার সকাল থেকে নতুন করে চরম ভোগান্তি ও যাতায়াতের সমস্যায় পড়েছেন দুবরাজপুর ও আশপাশের এলাকার হাজার হাজার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে অজয় নদ এবং হিংলা নদীর সংযোগস্থলে অবস্থিত এই ফেরিঘাটটি এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। বেশ কয়েকদিন ধরেই এই ফেরিঘাট নিয়ে নানা বিতর্ক ও টানাপোড়েন চলছিল। আগে এখানে যাতায়াতের জন্য সাধারণ মানুষকে টোল ট্যাক্স দিতে হত। সম্প্রতি রাজ্যের প্রশাসনিক পরিবর্তনের পর নতুন সরকারের উদ্যোগে সেই টোল আদায় বন্ধ করে দেওয়া হয়। টোলমুক্ত যাতায়াতের খবরে যখন এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, ঠিক তখনই কিছু দুষ্কৃতী ফেরিঘাটের একাংশ ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার পর আজ সকাল থেকে বাবুপুর ফেরিঘাট দিয়ে চারচাকা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এলাকার লাইফলাইন এভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। বর্তমানে ফেরিঘাটের পাশেই থাকা একটি অস্থায়ী ও সংকীর্ণ বাঁশের মাচা দিয়ে কোনও রকমে ঝুঁকি নিয়ে মোটরবাইক, সাইকেল এবং হেঁটে নদী পারাপার করছেন সাধারণ মানুষ। নদী পারাপারের এই বিকল্প পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হওয়ায় যেকোনও সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করুক, এখন এটাই দাবি লোবা গ্রাম পঞ্চায়েতের ভুক্তভোগী বাসিন্দাদের।
Birbhum,West Bengal
