Last Updated:
Cooch Behar News: আগামী সেপ্টেম্বর মাসে দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টার। এদিকে মে মাস হয়ে গেলেও কোচবিহারের বহু বিদ্যালয়ে বাংলা বই এসে পৌঁছয়নি। ফলে সময়ে সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় পড়ুয়া ও শিক্ষকরা।
কোচবিহারঃ সময়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে আমূল বদল এসেছে। উচ্চ মাধ্যমিক স্তরে বার্ষিক পরীক্ষার বদলে ইতিমধ্যেই সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। তবে এবার দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের আগে বিপাকে পড়েছেন কোচবিহারের বহু পড়ুয়া। আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা থাকলেও এখনও পর্যন্ত জেলার বেশিরভাগ স্কুলে বাংলা বই এসে পৌঁছয়নি। ফলে সিলেবাস কীভাবে শেষ হবে এই নিয়ে চিন্তায় পড়েছেন পড়ুয়া, শিক্ষকরা।
এই বিষয়ে দিনহাটা শনিদেবী হাই স্কুলের এক দ্বাদশ শ্রেণির ছাত্রী বলেন, “সেপ্টেম্বরে পরীক্ষা। এদিকে মে মাস শুরু হয়ে গেলেও বাংলা বই পাইনি। পড়াশোনায় প্রচণ্ড অসুবিধা হচ্ছে”। একই সুর শোনা গিয়েছে মাথাভাঙার কোদালখেতি হরচন্দ্র হাই স্কুলের এক দ্বাদশ শ্রেণির পড়ুয়ার গলাতেও।
পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার এই বিষয়ে জানান, মে মাস শুরু হয়ে গেলেও দ্বাদশ শ্রেণির বাংলা বই না মেলায় একদিকে যেমন পড়ুয়াদের সমস্যা হচ্ছে, তেমনই শিক্ষকরাও বিদ্যালয়ে ঠিক করে ক্লাস নিতে পারছেন না। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে ঠিক সময়ে সিলেবাস সম্পূর্ণ করা যাবে না।
অন্যদিকে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) রবীন্দ্রনাথ মন্ডল জানিয়েছেন, বিদ্যালয়গুলিতে বই এসে যাওয়ার কথা। এই বিষয়ে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝির মধ্যেই কোচবিহারের বেশিরভাগ স্কুলে দ্বাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ক্লাস। তবে এখনও পর্যন্ত কোচবিহারের অধিকাংশ বিদ্যালয়ে বাংলা বই এসে না পৌঁছনোয় সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা। এই সমস্যা কবে দূর হয় সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: সেপ্টেম্বরে পরীক্ষা, এখনও মেলেনি বাংলা বই! সময়ে সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা
