Last Updated:
Rasikbil Mini Zoo: রসিকবিলের হরিণদের খাদ্য সংকট দূর করতে উদ্যোগী বন দফতর। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এখানে এক বিশেষ প্রজাতির ঘাস চাষের তোড়জোড় চলছে।
কোচবিহারঃ কোচবিহারের পর্যটন মানচিত্রের অন্যতম আকর্ষণ রসিকবিল মিনি জু। এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বহু মানুষের মন জয় করেছে। এবার এই রসিকবিলের প্রায় ২৫০ আবাসিক হরিণের খাদ্যসংকট দূর করতে বড় পদক্ষেপ বন দফতরের। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এখানে হাইব্রিড নেপিয়ার প্রজাতির ঘাস চাষের তোড়জোড় চলছে।
জানা যাচ্ছে, তুফানগঞ্জ ২ ব্লকের এই মিনি জু-তে হরিণের সংখ্যা প্রায় ২৫০ ছুঁয়েছে। এই বাড়তে থাকা সংখ্যা নিয়ে বন দফতর তথা মিনি জু কর্তৃপক্ষ বেশ উদ্বিগ্ন। কারণ এতে একদিকে যেমন এই হরিণগুলির মধ্যে মাঝেমাঝেই খাবারের দখল নিয়ে মারামারি হচ্ছে, তেমনই বাজেট নিয়েও অসুবিধা রয়েছে।
এই বিষয়ে কোচবিহারের এডিএফও বিজন কুমার নাথ জানান, সাধারণ নেপিয়ার ঘাসের তুলনায় হাইব্রিড নেপিয়ারের পাতা অনেক বেশি নরম, রসালো ও চওড়া। হরিণের এগুলি বেশ পছন্দের। সহজে হজমও করে ফেলতে পারে। রসিকবিল পর্যটনকেন্দ্রের প্রায় ৩ বিঘা জমিতে এই ঘাস চাষে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফে সব ধরনের সহায়তা করা হচ্ছে।
জানা গিয়েছে, এই বিশেষ প্রজাতির ঘাস প্রচুর পরিমাণে প্রোটিন ও কার্বোহাইড্রেটে সমৃদ্ধ। বন দফতরের দাবি, হরিণের শক্তি ও শারীরিক বৃদ্ধির জন্য এটি সহায়ক। ইতিমধ্যেই হাইব্রিড নেপিয়ার ঘাস চাষের জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কাটিং প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বছরভর এই ঘাস চাষ করা গেলেও রোপণের জন্য বর্ষার শুরুর সময় সবচেয়ে উপযোগী বলে খবর।
সব মিলিয়ে, রসিকবিলের আবাসিক হরিণদের খাদ্যসংকট মেটাতে একেবারে তৎপর বন দফতর। হাইব্রিড নেপিয়ার ঘাস চাষের মাধ্যমে খাদ্যসংকট দূর করার পরিকল্পনা করা হয়েছে। সেই উদ্যোগ কতখানি সফল হয় সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Rasikbil Mini Zoo: প্রোটিন ও কার্বোহাইড্রেটে সমৃদ্ধ! রসিকবিলের হরিণদের জন্য বিশেষ ঘাস চাষের প্রস্তুতি, খাদ্যসংকট মেটাতে বন দফতরের বড় পদক্ষেপ
