Last Updated:
Surendranath College: এই গোটা বিষয়টির ছবি সামনে আসার পরে এ বিষয়ে কী জানালেন তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ওরফে কানকাটা দেবু? এদিন টাকা উদ্ধারের ঘটনার পরেই কলেজের পাঁচতলার ঝাঁ চকচকে গেস্ট রুমের তালা ভাঙা হয়৷ ভাঙা হয় ইউনিয়ন রুম ও কমন রুম৷ পুলিশও ঘরগুলিতে পৌঁছয়৷
কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজে টাকার পাহাড় উদ্ধার, এসি গেস্ট রুমে মাসাজ পার্লারের বিতর্কে পরে এবার উদ্ধার হল আগ্নেয়াস্ত্রও৷ সুরেন্দ্রনাথ ডে কলেজের ইউনিয়ন রুম-এর ভিতরে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে বলে জানালেন সজল ঘোষ৷ তারপরেই ইউনিয়ন রুম সিল করা হয় পুলিশের তরফ থেকে৷ কলেজের প্রিন্সিপালকে পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাওয়া হয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া ঘরটিতে। যে যে আপত্তিকর বস্তু এবং আগ্নেয়াস্ত্র সিজার করা হয়েছে পুলিশের তরফে, সেই তালিকায় কলেজের প্রিন্সিপাল আর কলেজের কর্মীরা সই করেন।
সুরেন্দ্রনাথ ডে কলেজের ইউনিয়ন রুমের ভিতরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার পরে নৈশ কলেজের ইউনিয়ন রুমের তালা ভাঙা হয়৷ সুরেন্দ্রনাথ কলেজে টাকা উদ্ধার নিয়ে একটি এফআইআর হয়েছে বলে জানা গিয়েছে৷ কলেজের প্রিন্সিপালকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিয়ে আগের এফআইআর-এর সঙ্গে সংযুক্ত করে দেওয়ার কথা বলা হয়েছে৷
এদিন সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমের একটি আলমারি থেকে দুই ব্যাগ ভর্তি উই ধরা টাকার বান্ডিল উদ্ধার হয়৷ টাকা উদ্ধারের কথা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় মুচিপাড়া থানার পুলিশ৷ পরে সেখানে যান বরানগরের বিধায়ক তথা শিয়ালদহ এলাকার বিজেপি নেতা সজল ঘোষ৷
এদিকে তার আগেই ওই কলেজের পাঁচতলায় টেরিস ফেসিলিটির নামে গজিয়ে ওঠা এসি গেস্ট রুমের কথা প্রকাশ্যে আসে৷ সেখানে বালিশ বিছানা থেকে শুরু করে নিরোধকও উদ্ধার হয়৷ ছিল মদের বোতলও৷ তারপরে কমন রুম খুললেও দেখা যায় একের পর এক দৃশ্য৷ সব নিয়েই প্রশ্ন তোলেন বিজেপি বিধায়ক৷
কলেজের গভর্নিং বডির সদস্য তথা তৃণমূল নেতা সূদীপ ঘনিষ্ঠ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, পাঁচতলার এই এলাহী এসি রুমে রীতিমতো মাসাজ পার্লার চালাতেন তিনি ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়৷ সেখানে নাকি কলেজের অশিক্ষক কর্মচারীদের দিয়ে মাসাজও করাতেন দেবাশিস৷
অভিযুক্ত তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘এসব সম্বন্ধে কথা বলাই উচিত নয়৷ পুরো ব্যাপারটাই সাজানো গেম৷ প্রি প্ল্যানড করা৷ একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনও এই জিনিস হতে পারে না৷ যে বলছে, সে এতদিন কেন প্রতিবাদ করেনি, কেন প্রশাসনের কাছে যায়নি৷ আমরা কোনওদিন টলারেট করিনি৷ করবও না ভবিষ্যতে৷ এগুলো সাজিয়ে রেখে করছে৷ আপনি যাওয়ার আগে সাজিয়ে রেখেছে৷’’
Jun 02, 2026 11:19 PM IST
