তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: আর জি করে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার ২ বছর পূর্ণ হতে চলল। কিন্তু এখনও আদালতে এই ঘটনার মামলা চলছে আর এর মধ্যে দিয়ে রাজনীতির ময়দানেও বয়ে গিয়েছে অনেক জল। ‘অভয়া’-র মা বিজেপির হয়ে নির্বাচনে লড়েছেন, জয়ী ও হয়েছেন। রাজ্যে পালাবদল হয়েছে। প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, ভারতীয় জনতা পার্টি। আর এবার, আর জি করের সেই অভিশপ্ত ঘটনাই উঠে আসবে বড়পর্দায়! বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা (Shankudeb Panda)-র পরিচালনায় আসছে নতুন সিনেমা, ‘অভয়া শক্তি’। আর জি করের ঘটনার অবলম্বনে তৈরি হচ্ছে এই সিনেমা। ছবির প্রযোজনা করছেন, রানা সরকার।
কেন আরজি করের ঘটনা নিয়ে সিনেমা?
রাজ্যে পালাবদল, সেই কারণেই আর জি কর কাণ্ডকে বড়পর্দায় নিয়ে আসার পরিকল্পনা? ছবির প্রযোজক রানা বলছেন, ‘অনেকেই মনে করছেন, এই ছবি বোধহয় প্রোপাগান্ডা! একেবারেই নয়। যদি প্রোপাগান্ডা হত, তাহলে তো ভোটের আগে সেটা করা উচিত ছিল। নির্বাচনের পরে তো আর করতাম না। এই ছবিটা নিয়ে অনেকদিন আগেই শঙ্কুদেব পণ্ডা আমার কাছে আসে।ন। ওঁর আগেও ছবি পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে। তবে তৃণমূল সরকারের সময়ে, এই ছবি প্রযোজনা করার সাহস পাইনি। রাজ্যে পালাবদল না হলে, এই ছবি প্রযোজনা করার সাহস সত্যিই পেতাম না। স্বরূপ বিশ্বাস যে কী করতেন.. সেটা নতুন করে বলে দিতে হবে না। তবে এখন রাজ্যে শিল্পের স্বাধীনতা এসেছে। এখন মানুষ আরও স্বাধীনভাবে শিল্পের কথা, নিজেদের মতো করে কথা বলতে পারবেন।’
‘অভয়া’-র মায়ের সঙ্গে দেখা করেছিলেন পরিচালক – প্রযোজক?
এই ছবি প্রযোজনা করার সিদ্ধান্ত নেওয়ার পরে, আরজি করে নিহত চিকিৎসকদের বাবা মায়ের সঙ্গে দেখা করেছিলেন? রানা সরকার বলছেন, ‘হ্যাঁ করেছিলাম। এই সিনেমা নিয়ে তো কপিরাইটের ব্যাপার নেই। আমরা এমনিই ওঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এমন অনেক ঘটনা রয়েছে, যেটা অভয়ার বাবা মা-ও জানেন না। শঙ্কু এই বিষয়টা নিয়ে অনেক রিসার্চ করছে। অনেক অজানা তথ্য আসছে, আমাদের মনে হয়েছে সেটা সবার সামনে নিয়ে আসা উচিত। কোনো ঘটনা নিয়ে সিনেমা করতে গেলে তাতে সিনেম্যাটিক ছোঁয়া তো কিছু দিতেই হবে। তবে আমরা চেষ্টা করছি, ঘটনাটাকে যতটা সম্ভব অবিকৃত রাখার।’
আরও পড়ুন: Papiya Adhikari: বহিরাগতদের চিহ্নিত করতে এবার টলিউডে SIR! কড়া পদক্ষেপ নিচ্ছেন পাপিয়া অধিকারী