Last Updated:
Purulia Agriculture News: গরমের তীব্র দাপটের মাঝেই স্বস্তির বার্তা নিয়ে এসেছে ঝড়-বৃষ্টি। মাঠে নেমে পড়েছেন কৃষকরা, শুরু হয়েছে জমি প্রস্তুতির কাজ। কোথাও ট্রাক্টর, কোথাও আবার ঐতিহ্যবাহী লাঙল দিয়ে চাষের কাজ করতে দেখা যাচ্ছে তাঁদের। আবহাওয়ার পরিবর্তন নিয়ে সতর্কও রয়েছেন কৃষকরা।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: গরমের তীব্র দাপটের মাঝেই স্বস্তির বার্তা নিয়ে এসেছে ঝড়-বৃষ্টি। জেলার বিভিন্ন প্রান্তে হওয়া এই বৃষ্টিপাত কৃষকদের মুখে ফিরিয়ে দিয়েছে হাসি। দীর্ঘদিনের খরার আশঙ্কার পর প্রকৃতির এই সহায়তা যেন আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে কৃষি নির্ভর মানুষের জীবনে। বিশেষ করে পুরুলিয়ার আড়সা ব্লকে এই বৃষ্টির প্রভাব স্পষ্ট।
মাঠে নেমে পড়েছেন কৃষকেরা, শুরু হয়েছে জমি প্রস্তুতির কাজ। কোথাও ট্রাক্টর, কোথাও আবার ঐতিহ্যবাহী লাঙল দিয়ে চাষের কাজ করতে দেখা যাচ্ছে তাঁদের। ধান চাষের মরশুম শুরুর আগেই জমিকে চাষযোগ্য করে তুলতে তৎপর হয়ে উঠেছেন সকলে। কৃষকদের কথায়, এই সময়ের বৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাটিতে আর্দ্রতা তৈরি হওয়ায় জমি চাষের উপযোগী হয়ে উঠছে, যা ধান চাষের জন্য অত্যন্ত সহায়ক।
অনেকেই জানিয়েছেন, যদি এইভাবে সময়মত বৃষ্টি হতে থাকে, তাহলে এ বছরের ফসল ভাল হওয়ার সম্ভাবনা যথেষ্ট। তবে আবহাওয়ার এই পরিবর্তন নিয়ে কিছুটা সতর্কও রয়েছেন কৃষকরা। অতিরিক্ত বৃষ্টিপাত বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকলে ক্ষতির মুখেও পড়তে হতে পারে। তাই এখনই সবদিক বিবেচনা করে পরিকল্পনা করে এগোতে চাইছেন তাঁরা।
এ বিষয়ে কৃষক শংকর মাহাত ও জগদীশ মাহাত বলেন, তিন মাস সময় লাগে জমিকে চাষযোগ্য করে তুলতে। তাই তারা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। কারণ তাদের এলাকায় সেচের ব্যবস্থা নেই বৃষ্টির জলের উপরই কৃষি কাজ নির্ভরশীল। সবমিলিয়ে, ঝড়-বৃষ্টির এই আগমন পুরুলিয়ার কৃষি ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করেছে। এখন সকলের নজর আকাশের দিকে প্রকৃতি কতটা সহায় হয়, তার ওপরই নির্ভর করছে আগামী দিনের ফসলের ফলন।
Puruliya (Purulia),Puruliya,West Bengal
Agriculture News: প্রকৃতির আশীর্বাদে ফিরবে ভাগ্য, হাসি ফুটল অন্নদাতাদের মুখে! সোনালি ধানের আশায় বুক বাঁধছে পুরুলিয়া, খুশিতে ডগমগ কৃষকরা