Last Updated:
Animal Security: তমলুকে পথকুকুরদের ধারাবাহিক মৃত্যু। বিষপ্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ। রুখতে প্রচারে নামল তাম্রলিপ্ত পৌরসভা। পথকুকুরদের বাঁচাতে কড়া পদক্ষেপ নিল তাম্রলিপ্ত পৌরসভার। শহরজুড়ে শুরু হল মাইকিং।
তমলুক,পূর্ব মেদিনীপুর, সৈকত শী: পৌর প্রশাসনের মানবিক উদ্যোগ। পৌর এলাকার নাগরিকদের জন্য শুধু পরিষেবা নয় এবার যা করে দেখাল, সাধারণ মানুষ পৌর প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছে। পৌর এলাকার পথকুকুরদের বাঁচাতে তৎপর হল তাম্রলিপ্ত পৌরসভা। শেষ কয়েক দিন ধরে তমলুক শহর জুড়ে পথকুকুরদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল। জানা যায়, একশ্রেণির অমানবিক মানুষ শহরে পথকুকুরদের উপর ধারাবাহিকভাবে বিষপ্রয়োগ করছে। যার কারণে শহরের বিভিন্ন এলাকায় অন্তত আটটি পথকুকুরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে এমন জঘন্য ঘটনাগুলি ঘটাচ্ছে। এই পরিস্থিতিতে পথকুকুরদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিল তাম্রলিপ্ত পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করা হয়, যাতে কেউ অজানা উৎস থেকে দেওয়া খাবার প্রাণীদের না খাওয়ায় এবং সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত প্রশাসনকে জানায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শেষ কয়েকদিন ধরে রাতের বেলায় মুখে কাল কাপড় পরে এবং মোটর সাইকেলের নম্বরপ্লেট ঢেকে কিছু ব্যক্তি বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তারা প্যাকেটজাত খাবার রাস্তায় ফেলে দিচ্ছে বলে অভিযোগ। সেই খাবার খাওয়ার পরই একের পর এক কুকুরের মৃত্যু ঘটছে বলে দাবি বাসিন্দাদের। এই ঘটনাকে ঘিরে শহরজুড়ে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।
তমলুক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বস্তিকা দাস অভিযোগ করে বলেন, “ইচ্ছাকৃতভাবেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। বিষয়টি আমরা ইতিমধ্যেই মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি এবং পৌরসভার চেয়ারম্যানকেও অবহিত করা হয়েছে।” পুরসভার তরফে জানানো হয়েছে, প্রাণীদের উপর এভাবে আক্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই শহরবাসীদের সচেতন করা অত্যন্ত জরুরি। মাইকিং করে প্রচার শুরু হয়েছে। যদি কেউ রাতের অন্ধকারে এ ধরনের সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন তাহলে অবিলম্বে স্থানীয় প্রশাসন বা পুরসভাকে খবর দিতে হয়েছে। পাশাপাশি, শহরে পথকুকুরদের জন্মনিয়ন্ত্রণের জন্য একজন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানান, “শহরের একাধিক বাসিন্দা ও কাউন্সিলরের কাছ থেকে আমরা এই ঘটনার খবর পেয়েছি। আজ থেকে পুরসভার পক্ষ থেকে মাইকিং শুরু করা হবে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হোক, সেটাই আমরা চাই।” পৌরসভার এই উদ্যোগে একদিকে যেমন পথকুকুরদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা চলছে, তেমনই অন্যদিকে শহরবাসীর মধ্যেও বাড়ানো হচ্ছে দায়িত্ববোধ ও সতর্কতা।
Purba Medinipur,West Bengal
Animal Security: রাতের অন্ধকারে বিষপ্রয়োগ! তমলুকে পথকুকুরদের ধারাবাহিক মৃত্যু, এবার সারমেয়দের রক্ষাকর্তার ভূমিকায় পৌরসভা