Last Updated:
AITMC New Update: সূত্রের খবর, জে পি নাড্ডার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় শত্রুঘ্ন সিনহার। সেই টেবিলেই বসে খাওয়াদাওয়া করছিলেন সৌগত রায়। যদিও তাঁদের মধ্য়ে কী বিষয়ে কথা হয়েছে, তা জানা যায়নি।
নয়াদিল্লি: ছাব্বিশের নির্বাচনে হারের পরে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল৷ তিন টুকরো হয়ে গিয়েছে৷ ২০ লোকসভা সাংসদ তৃণমূল ত্যাগ করে এনসিপিআই-তে যোগদান করে এনডিএ-কে সমর্থনের কথা ঘোষণা করেছে৷ সম্প্রতি তাঁদের এনডিএ-র বৈঠকেও দেখা গিয়েছে৷ রাজ্যসভার তিন সাংসদও তৃণমূল থেকে ইস্তফা দিয়ে বিজেপি সাংসদ হিসাবে দল বদল করেছেন৷ এরই সঙ্গে চলছে আসল-নকল তৃণমূল তরজা৷ গতকালই নির্বাচন কমিশনকে ফের চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সামনে এল কালীঘাট শিবিরের দুই সাংসদের নাড্ডার সঙ্গে এক টেবিলে ভোজ সাড়ার ছবি৷ প্রথমে জে পি নাড্ডার সঙ্গে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে৷ এবার কি তবে আবার ধাক্কা মমতা শিবিরে?
গত কাল রাতেই সামনে এসেছে একটি ছবি৷ আর সেই ছবি সামনে আসতেই শুরু হয়েছে গুঞ্জন৷ তবে কি এবার শিবির বদলাচ্ছেন এই দুই নেতাও, তুঙ্গে জল্পনা। যদিও এই বিষয়ে কোনও তরফেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বুধবার সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে যক্ষ্মা সংক্রান্ত একটি বৈঠক ছিল। যাতে বাংলার সব সাংসদ অংশ নিয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল তৃণমূলত্যাগী সাংসদ শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া-সহ আরও অনেককেই। ওই অনুষ্ঠানেই সম্ভবত ছিলেন শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়। সূত্রের খবর, নাড্ডার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় শত্রুঘ্নর। একই টেবিলে বসে খাওয়াদাওয়া করছিলেন সৌগত রায়। যদিও কী বিষয়ে কথা হয়েছে তাঁদের, তা এখনও জানা যায়নি।
পরে আরও একটি ছবিতে দেখা যায়, একটি টেবিলে বসে খাওয়া দাওয়া করছেন জে পি নাড্ডা আর সেই টেবিলে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন সৌগত রায়৷
গত ১৯ জুলাই, বাদল অধিবেশন শুরুর ঠিক আগের দিন এনসিপিআই-কে চিঠি লিখে সর্বদল বৈঠকে যোগদানের আহ্বান জানিয়েছিলেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। তাতে যোগদানও করেছিলেন তাঁরা। যা নিয়ে প্রতীকী প্রতিবাদ জানায় বিরোধীরা৷ পরবর্তী ক্ষেত্রে কাকলিদের দেখা যায় এনডিএ বৈঠকে৷ লোকসভাতেও তাঁদের আসন এগিয়ে দেওয়া হয়৷ এমনকি, এর মাঝেই এই অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ মঙ্গলবারও ফের বৈঠকে ডাকা হয় এনসিপিআইকে। তারপরেই হঠাৎ সামনে এল শত্রুঘ্ন সিনহা এবং সৌগত রায়ের এই দুই ছবি৷
