Last Updated:
Anik Dutta Death News: হিন্দুস্থান পার্কে রহস্যমৃত্যু পরিচালক অনীক দত্তের, কী বললেন ডিসি এসইডি সৈকত ঘোষ?
কলকাতা: টলিউডে শোকের ছায়া। পরিচালক অনীক দত্তর রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এল পুলিশের প্রাথমিক তদন্তের তথ্য। মঙ্গলবার ১১ হিন্দুস্থান পার্কের আবাসনে পৌঁছন ডিসি এসইডি সৈকত ঘোষ। ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, দুপুর প্রায় ১টা নাগাদ ওই অ্যাপার্টমেন্টে আসেন অনীক দত্ত। প্রাথমিক তদন্তে অনুমান, প্রায় ১টা ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। কী কারণে এই ঘটনা ঘটল এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ডিসি এসইডি সৈকত ঘোষ জানান, ঘটনাস্থলে ফরেন্সিক তদন্ত করা হবে। সেই সঙ্গে অনীক দত্তের স্ত্রীও বাড়িতে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তিনি বাড়িতে ফেরার পর ঠিক কী পরিস্থিতি ছিল, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যেই পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যেকটি দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, স্ত্রী দেখা না করার পরই ছাদে চলে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে এগুলিই আপাতত জানতে পেরেছেন তদন্তকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আদতে কী ঘটেছিল স্ত্রীর সঙ্গে দেখা করতে আসার পর তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তভার তুলে দেওয়া হবে হোমিসাইড শাখার হাতে। খ্যাতনামা পরিচালকের এই ভাবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, গুরুত্ব বুঝেই তদন্ত দেওয়া হতে চলেছে হোমিসাইড শাখার হাতে। বুধবার সন্ধ্যায় অনীক দত্তের দেহ ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ তারপরেই জানা যাবে পরিচালকের মৃত্যুর আসল কারণ৷ তাঁদের একমাত্র মেয়ে বিদেশে থাকেন। বিকেলের পরে মেয়ে রাই দত্ত আসবেন, তারপরই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে৷
অমিত সরকার
Kolkata,West Bengal
