Last Updated:
Bangla News GRP: মহিলা কামরায় যুবকদের দৌরাত্ম্য, সোদপুরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার জিআরপির।
সোদপুর: শিয়ালদহ-লালগোলা শাখার ট্রেনে ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। মহিলা কামরায় জোর করে উঠে পড়ে একদল যুবকের অসভ্যতা ও হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়াল যাত্রীদের মধ্যে। দ্রুত পদক্ষেপ নিয়ে সোদপুর স্টেশনে অভিযান চালিয়ে সাত অভিযুক্তকে গ্রেফতার করেছে জিআরপি।
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে শিয়ালদহ স্টেশন থেকে লালগোলা গামী ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন যুবক মহিলা কামরায় উঠে পড়ে। অভিযোগ, কামরায় থাকা মহিলা যাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য করতে শুরু করে তারা। শুধু তাই নয়, প্রতিবাদ করতেই মহিলাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কামরার ভিতরে।
রেল পুলিশ জানিয়েছে, মহিলা কামরায় পুরুষ যাত্রীদের অবৈধ প্রবেশ এবং যাত্রী হেনস্থার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। স্টেশন ও ট্রেনে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি মহিলা যাত্রীদের কোনও সমস্যা হলে সঙ্গে সঙ্গে রেল হেল্পলাইন বা জিআরপিকে জানানোর আবেদন জানানো হয়েছে। এই ঘটনায় ফের একবার লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের দাবি, শুধুমাত্র অভিযান নয়, নিয়মিত নজরদারি ও কড়া শাস্তির মাধ্যমেই এই ধরনের ঘটনা রোখা সম্ভব।
সুবীর দে
Kolkata,West Bengal
