Last Updated:
Bangladesh : প্রায় ৭০০ কেজি ওজনের অ্যালবিনো মোষ। এরা সাধারণত খুব শান্ত স্বভাবের হয়। বাংলাদেশের এই ডোনাল্ড ট্রাম্প নামের মোষটি এখন সেলেব্রিটি। সারা বিশ্ব চেনে সেটিকে।
ঢাকা, আনিসুর রহমান : বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন ফেলে দিয়েছিল একটি বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ। অনেকে দাবি করেছিল, ওই মোষের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের মিল রয়েছে। সেই মহিষটিকে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছিল বাংলাদেশে। সে কথা শোনার পর থেকে অনেকেরই মন খারাপ ছিল।
আপাতত সেই মহিষের কোরবানি স্থগিত করেছে বাংলাদেশ সরকার। বিরল এই প্রাণীকে কোরবানির পরিবর্তে সংরক্ষণ করে বাংলাদেশের মিরপুর জাতীয় চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার।
বুধবার (২৭ মে) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের বাড়ি থেকে পুলিশ সেটিকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যায়। সরকারি নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মহিষটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই মহিষটির মাথার সোনালি রঙের লোম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার “অদ্ভুত মিল”-এর কথা উল্লেখ করেছেন। বাংলাদেশের নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার এই মহিষটির ওজন প্রায় ৭০০ কেজি৷ এই অ্যালবিনো মহিষের নামটিও রাখা হয়েছে “ডোনাল্ড ট্রাম্প”।
সাধারণত অ্যালবিনো মহিষ শান্ত প্রকৃতির হয় এবং উত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না। এই মহিষটিও ব্যতিক্রম নয়। দক্ষিণ এশিয়ায় অ্যালবিনো মহিষ খুবই বিরল এবং এরা সাধারণত শান্ত স্বভাবের হয়। ভুট্টা, সয়াবিন ও ভূষির পুষ্টিকর খাবার খাওয়ানোর ফলেই মহিষটির আকার ও স্বাস্থ্য ভাল বলে জানা গিয়েছিল।
Kolkata,West Bengal
