Last Updated:
Bankura News: বাঁকুড়ার এই গ্রামে বিশেষভাবে সক্ষম মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। জন্মগত ত্রুটি নাকি বয়স বাড়ার সঙ্গে আসা শারীরিক অক্ষমতা, কারণ এখনও অজানা। মেডিক্যাল সার্ভে চাইছেন গ্রামবাসীরা।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার একটি প্রত্যন্ত গ্রাম! ওন্দা বিধানসভার মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাওড়াঘাটি গ্রাম। ৩৬৮টি পরিবার, ভোটার সংখ্যা ১২০০। তবে এই গ্রামে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সংখ্যা ৩৭ জন। কেউ জন্মগতভাবে বিশেষভাবে সক্ষম, আবার কারও বিশেষভাবে সক্ষমতা এসেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। এক দুই করতে করতে সংখ্যাটা পৌঁছেছে ৪০ এর কাছাকাছি। গ্রামবাসীরা বিষয়টি নিয়ে উদাসীন, সরকারের উদাসীনতা আরও বেশি চোখে পড়েছে। কোনও মেডিক্যাল সার্ভে নেই। নতুন সরকার আসার পর গ্রামবাসীদের দাবি এই গ্রামে একটি সার্ভে হোক।
গ্রামের হয়েছে গরু, খাটাল এবং এই গ্রামে তৈরি হয় ঘি ও ছানা। গ্রামবাসীরা জানিয়েছেন দুধ যত খাবার তাদের নিত্যদিনের পথ্য, তাহলে সমস্যাটা কোথায়? জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম গৌতম ঘোষ জানান, “আমরা জানি না! কী করতে হবে, সেটাও জানি না! ১০০০ টাকা করে ভাতা পাই। সেটা বেড়ে ৫০০০ হলে ভাল হয়। মানুষ বিশ্বাসই করেন না যে আমাদের গ্রামে এত বড় সংখ্যক বিশেষভাবে সক্ষম মানুষ রয়েছেন।”
এখন প্রশ্ন উঠছে, কেন একটি ছোট প্রত্যন্ত গ্রামে এত সংখ্যক বিশেষভাবে সক্ষম মানুষের বসবাস? এর পিছনে কী কোনও স্বাস্থ্যগত, জিনগত বা পরিবেশগত কারণ রয়েছে, নাকি দীর্ঘদিনের অবহেলাই পরিস্থিতিকে আরও জটিল করেছে? উত্তর খুঁজতে সরকারি উদ্যোগ ও স্বাস্থ্য দফতরের বৈজ্ঞানিক সমীক্ষার দাবি তুলেছেন গ্রামবাসীরা। নতুন সরকারের কাছে তাঁদের একটাই আবেদন, দ্রুত মেডিক্যাল সার্ভে করে প্রকৃত কারণ খুঁজে বের করা হোক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অন্তত একই সমস্যার মুখোমুখি না হয়।
Bankura,Bankura,West Bengal
Bankura News: ৩৬৮ পরিবারে ৩৭ বাসিন্দা বিশেষভাবে সক্ষম! বাঁকুড়ার এই গ্রামে রহস্যময় অসুস্থতা, আতঙ্কে গ্রামবাসীরা