Last Updated:
Bankura Police: বাঁকুড়া শহরে বাইকারদের স্টাইলবাজি রুখতে আরও কঠোর প্রশাসন। মডিফায়েড সাইলেন্সারের পর এবার পুলিশের নতুন টার্গেট মোটরবাইকের চোখ ধাঁধানো বেআইনি আলো।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: অতি উজ্জ্বল চোখ ধাঁধান মোটরসাইকেলের আলো দেখলেই, পাকড়াও করছে বাঁকুড়া ট্রাফিক পুলিশ। সাবধান করা হচ্ছে কঠিন ভাষায়, হচ্ছে ফাইন। রাতের অন্ধকারে আপনার বাইকের আলোর নাচন সামনের আরোহীর জীবনে আনতে পারে ভয়ংকর পরিণতি। অতিরিক্ত উজ্জ্বল বাইরে থেকে লাগানও LED আলো জ্বালিয়ে জামার বোতাম খুলে, হেলমেট না পরে একদল যুবকের হাওয়া রূপে বাইক নিয়ে ওভারটেকের ছবি আমরা কম বেশি প্রত্যেকেই দেখেছি। কেউ বিরক্ত হন আবার কেউ করুণা করেন। তবে এই ছবি আর দেখা যাবে না বাঁকুড়ার বুকে।
বাঁকুড়া ট্রাফিক পুলিশ প্রতিদিন দফায় দফায় রাতে ও দিনে বাঁকুড়া শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় করছে চেকিং। একটু এদিক ওদিক হলেই গাড়ি করা হচ্ছে আটক। লাইসেন্স এবং হেলমেট না থাকা ছাড়াও অতিরিক্ত আওয়াজ করা মোটরসাইকেলের সাইলেন্সার দেখলেই পদক্ষেপ নিচ্ছে ট্রাফিক পুলিশ। এবার নতুন টার্গেট অতিরিক্ত উজ্জ্বল আলো লাগান মোটরসাইকেল।
বাঁকুড়া শহরের সতীঘাট ট্রাফিক থেকে শুরু করে পাঁচবাগা মোড় সব জায়গায় মোতায়েন রয়েছেন ট্রাফিক পুলিশ। সাইলেন্সার ধরলে ফাইন ২০০০ থেকে ১০০০০। অতিরিক্ত আলো থাকলে আইনের পরিমাণ থাকছে একই রকম। পুলিশ সূত্রে খবর এই ধরনের আলোর জন্য সামনের আরোহীর রাস্তা দেখতে অসুবিধা হয়। ঘটতে পারে চরম দুর্ঘটনা। নিজের মনের আনন্দের জন্য অপরজনের বিপদ ডেকে আনতে পারে এই আলো। ট্রাফিক ওসি গৌতম সেন দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে করলেন সচেতন। ট্রাফিক পুলিশের এই বিশেষ অভিযানে ইতিমধ্যেই বহু মোটরসাইকেল চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনের দাবি, শুধুমাত্র জরিমানা আদায় নয়, পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই অভিযানের মূল লক্ষ্য। নিয়ম মেনে গাড়ি চালানোর জন্য চালকদের বারবার সতর্ক করা হচ্ছে। বাঁকুড়া ট্রাফিক পুলিশের স্পষ্ট বার্তা, নিজের শখ বা বাহাদুরি দেখাতে গিয়ে অন্যের জীবন বিপন্ন করা যাবে না। অতিরিক্ত আলো, বিকট শব্দের সাইলেন্সার কিংবা ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে আগামী দিনেও অভিযান আরও জোরদার হবে। নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাস্তা গড়ে তুলতে সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
Bankura,West Bengal
Jun 02, 2026 10:48 AM IST
Bankura Police: হেলমেট, মডিফায়েড সাইলেন্সার অতীত! এবার মোটরবাইকে এই জিনিস থাকলেই বিপদ, খপ করে ধরছে বাঁকুড়া পুলিশ