Last Updated:
Smart City Tamluk: রাজ্যের নতুন স্মার্ট সিটি প্রকল্পের তালিকায় তমলুকের নাম আসতেই শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক জল্পনা। ভৌগোলিক অবস্থান, হলদিয়া শিল্পাঞ্চলের নৈকট্য নাকি প্রাচীন তাম্রলিপ্তের ঐতিহাসিক গুরুত্ব? ঠিক কোন কোন কারণে এই শহরকে আধুনিকীকরণের জন্য বেছে নেওয়া হল।
তমলুক, সৈকত শী: রাজ্যে নতুন সরকার গঠনের এক মাসও পূর্ণ হয় নি। এর মধ্যেই একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপের ঘোষণা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। আর সেই আবহেই রাজ্যের চারটি স্মার্ট সিটি তৈরির পরিকল্পনার কথা সামনে আসতেই খুশির হাওয়া ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী শহর তমলুকে। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সম্ভাব্য চারটি স্মার্ট সিটির নাম ঘোষণা করেন। সেই তালিকায় রয়েছে তমলুকের নামও। পাশাপাশি উত্তরবঙ্গেও চারটি নতুন শহর তৈরির ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি। এই ঘোষণার পর খুশির হাওয়া প্রাচীন এই তমলুক শহর জুড়ে।
ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে তমলুকের গুরুত্ব বহুদিনের। প্রাচীন তাম্রলিপ্ত বন্দরনগরীর উত্তরসূরি এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক ঐতিহ্য। একদিকে রয়েছে প্রাচীন তমলুক রাজবাড়ি, অন্যদিকে পুরানে বর্ণিত বর্গভীমা মন্দির। রয়েছে বহু পুরনো তাম্রলিপ্ত পৌরসভা, স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর স্মৃতিবিজড়িত হ্যামিলটন স্কুল। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় গুরুত্ব মিলিয়ে তমলুক বরাবরই রাজ্যের অন্যতম পরিচিত শহর। এমন এক শহর যদি স্মার্ট সিটির তকমা পায়, তাহলে পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শহরের বিভিন্ন মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আশাবাদের আলোচনা।
তমলুকের বাসিন্দা তথা প্রাক্তন শিক্ষক বিধানচন্দ্র সামন্ত বলেন, “এই খবর আমাদের কাছে অত্যন্ত আনন্দের। স্মার্ট সিটি তৈরি হলে এখানে উন্নত পরিষেবা মিলবে। বাইরের এলাকার মানুষও বেশি করে আসবেন। এতে স্থানীয় মানুষের আর্থিক উন্নয়ন হবে। তমলুকে অনেক দর্শনীয় স্থান রয়েছে। সেগুলির পরিকাঠামো উন্নয়ন করা গেলে পর্যটকের সংখ্যাও বাড়বে।” এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তমলুকের বিধায়ক হরে কৃষ্ণ বেরা। তিনি বলেন, “তমলুকের প্রচুর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নির্বাচনে প্রচারের সময় আমি বারবার বলেছিলাম, তমলুককে আরও উন্নত শহর হিসেবে গড়ে তুলতে হবে। এখন সেই ভাবনা বাস্তব রূপ পাওয়ার দিকে এগোচ্ছে। এটা তমলুকবাসীর কাছে অত্যন্ত গর্বের খবর।”
ইতিহাস আর ঐতিহ্য তমলুক শহরের নাম শুধু জেলা কেন, জেলা ও রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সারা দেশের কাছে সমাদৃত। রাজ্যের স্মার্ট সিটি তালিকায় উঠে এল তমলুকের নাম। সরকারি স্তরে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও সম্ভাব্য স্মার্ট সিটির তালিকায় তমলুকের নাম উঠে আসতেই আশার আলো দেখছেন শহরবাসী। ইতিহাসের শহর তমলুক এবার কি আধুনিক নগর উন্নয়নের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে। সেই দিকেই এখন তাকিয়ে পূর্ব মেদিনীপুর।
Purba Medinipur,West Bengal
Jun 02, 2026 12:44 PM IST
Smart City Tamluk: মুখ্যমন্ত্রীর জেলায় মাস্টারস্ট্রোক! ৪ স্মার্ট সিটির তালিকায় কেন ঠাঁই পেল তমলুক? জানুন আসল কারণ