Last Updated:
Big Blow To Uddhav Thackeray: লোকসভার স্পিকার ওম বিরলা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে ছয়জন বিদ্রোহী সাংসদের যোগদানকে স্বীকৃতি দিয়েছেন, যা উদ্ধব ঠাকরের শিবসেনার (ইউবিটি) জন্য যে একটি বড় ধাক্কা, তা বলাই বাহুল্য।
নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লা শনিবার শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র ছয়জন সাংসদের একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনায় যোগদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন। এর ফলে লোকসভায় শিন্ডে শিবসেনার সাংসদ সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩।
প্রায় এক মাস আগে এই ছয় সাংসদ উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি) ছেড়ে একনাথ শিন্ডের দলে যোগ দেন। তবে এই দলবদল নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল উদ্ধব শিবির। শিবসেনা (ইউবিটি)-র দাবি ছিল, দলভাঙনকে বৈধ বলে স্বীকৃতি দিতে হলে দলের সাংগঠনিক কাঠামোর অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন থাকতে হয়। তাঁদের মতে, এই ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়নি। অন্যদিকে, একনাথ শিন্ডে জানিয়েছিলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা লোকসভার স্পিকারের। তাঁর দাবি ছিল, দলবদলের স্বীকৃতি পেতে সমস্ত নির্ধারিত আইনগত ও সংসদীয় প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। স্পিকারের অনুমোদনের পর লোকসভার নথিতে এই ছয় সাংসদের দলীয় পরিচয় আনুষ্ঠানিকভাবে শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার সদস্য হিসেবে নথিভুক্ত হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ২০ জন সাংসদের ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (NCPI)-তে যোগদানের দাবি এখনও লোকসভার পক্ষ থেকে স্বীকৃতি পায়নি। শনিবার প্রকাশিত সংশোধিত তালিকা অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের লোকসভায় এখনও ২৮ জন সাংসদ রয়েছেন।
এই সিদ্ধান্তের সময়ও রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশনের ঠিক আগে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। লোকসভা স্পিকারের এই অনুমোদনের ফলে একনাথ শিন্ডে নেতৃত্বাধীন শিবসেনার অবস্থান লোকসভায় আরও শক্তিশালী হল। একই সঙ্গে, শিবসেনা (ইউবিটি) ছেড়ে শিন্ডে শিবিরে যোগ দেওয়া ছয় সাংসদের স্বীকৃতি সংক্রান্ত যে সংসদীয় প্রক্রিয়া চলছিল, এই সিদ্ধান্তের মাধ্যমে তার আনুষ্ঠানিক নিষ্পত্তি হল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
