Last Updated:
West Bardhaman Black Mango: দুর্গাপুর সংলগ্ন কাঁকসার রুক্ষ মাটিতে এই ব্ল্যাক ম্যাঙ্গো ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের এক প্রাক্তন আধিকারিক। বন্ধুর জমিতে পরীক্ষামূলকভাবে তিনি বসিয়েছিলেন পাঁচটি ব্ল্যাক ম্যাঙ্গো চারা।
কাঁকসা, পশ্চিম বর্ধমান: শিল্পাঞ্চলের আমবিলাসী মানুষের ঘরে ঘরে এখন শুধুই একটা নামের চর্চা, কালো আম বা ব্ল্যাক ম্যাঙ্গো। দুর্গাপুর সংলগ্ন কাঁকসার রুক্ষ মাটিতে এই ব্ল্যাক ম্যাঙ্গো ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের এক প্রাক্তন আধিকারিক। বন্ধুর জমিতে পরীক্ষামূলকভাবে তিনি বসিয়েছিলেন পাঁচটি ব্ল্যাক ম্যাঙ্গো চারা। তার মধ্যেই একটি গাছে এবছর কালো আমের ফলন দেখা গিয়েছে।
বিরল এই কালো আম দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন স্থানীয় মানুষজন। এতদিন মূলত কালো আমের দেখা মিলত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে। এবার সেই আম চোখের সামনে দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রথমদিকে এই আমের রং ছিল বেগুনি। কিন্তু আম যত বড় হয়েছে ততই গাঢ় কালো রঙ ধারণ করেছে আমগুলি। একটি গাছেই বেশ কয়েকটি আমের ফলন হয়েছে। বিরল প্রজাতির এই আমের স্বাদ পাওয়ার জন্য এখন মুখিয়ে রয়েছেন অনেকেই।
কাঁকসার লোহাগুড়ি গ্রামের কাঁকুড়ে জমিতে বিরল প্রজাতির এই কালো আমের দেখা মিলেছে অনিরুদ্ধ রায়ের উদ্যোগে। অনিরুদ্ধ বাবু পেশায় রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দফতরের প্রাক্তন এগজ়িকিউটিভ এবং বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রুরাল ম্যানেজমেন্ট বিভাগের অতিথি অধ্যাপক। মূলত কৃষি নিয়ে নেশা থেকেই বন্ধু শান্তনু মুখোপাধ্যায়ের জমিতে শুরু করেছিলেন পরীক্ষামূলক ফলের বাগান। বছর তিনেক আগে কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিদেশ থেকে পাঁচটি কালো আমের চারা আনিয়েছিলেন তিনি।
লোহাগুড়ির এই বাগানের সাফল্যের নেপথ্যে অনিরুদ্ধ বাবুর পাশাপাশি রয়েছে অজিত বাগদির নিরলস পরিশ্রম। রুক্ষ মাটিতে বিদেশের এই চারাকে বাঁচিয়ে ফল ধরানো এক বিশাল চ্যালেঞ্জ ছিল। অনিরুদ্ধ বাবুর কথায়, সঠিক পরিচর্যা আর পরিশ্রম থাকলে মাটি কোনো বাধা নয়। তাঁর এই বাগানে কেবল কালো আমই নয়, রাজকীয় আলফানসো থেকে শুরু করে পুষ্টিগুণে ঠাসা বিরল লাল কলা, সবেরই সফল চাষ হচ্ছে। বিদেশের মাটির এই দুষ্প্রাপ্য স্বাদ এখন লোহাগুড়ি গ্রামের কাঁকুড়ে মাটিতেই মিলছে।
Durgapur,Barddhaman,West Bengal
May 12, 2026 10:49 AM IST
Black Mango: জাপানের মিয়াজাকিকেও টক্কর, কাঁকসার রুক্ষ মাটিতে ফলছে বিরল কালো আম! অনামী গ্রামে আমবিলাসী মানুষের উপচে পড়া ভিড়
