Last Updated:
Boat Accident: বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়ে আচমকা ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির শিকার মৎস্যজীবী দম্পতি। মহেশ্বর মণ্ডল এবং তাঁর স্ত্রী শিবানী মণ্ডল নিজেদের একটি ছোট নৌকা নিয়ে নদীতে মাছ ধরছিলেন। আচমকা তীব্র ঝড় শুরু হলে নৌকাটি উল্টে যায়। মহেশ্বর বাবুকে জীবিত উদ্ধার করা গেলেও, স্ত্রী শিবানী মণ্ডল নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বিদ্যাধরী নদীতে ঝড়ের তাণ্ডবে নৌকাডুবি। যার জেরে এক গৃহবধূ নদীতে পড়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। ওই গৃহবধূর নাম শিবানী মন্ডল। তাঁর খোঁজে নদীতে তল্লাশি চলছে। সূত্রের খবর ঝড়খালি কোস্টাল থানার অন্তর্গত বালি খাল বাজার সংলগ্ন বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন স্থানীয় দম্পতি মহেশ্বর মণ্ডল এবং তাঁর স্ত্রী শিবানী মণ্ডল। নিজেদের একটি ছোট নৌকা নিয়ে তাঁরা নদীতে গিয়েছিলেন।
নদীতে থাকাকালীন আচমকা নদী বক্ষে তীব্র ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে তাঁদের নৌকাটি উল্টে গিয়ে নদীতে ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য একটি নৌকার মৎস্যজীবীরা ঘটনাটি দেখতে পেয়ে তড়িঘড়ি নিজেদের বোট নিয়ে তাঁদের উদ্ধারের জন্য এগিয়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত, আপ্রাণ চেষ্টা চালিয়ে মহেশ্বর বাবুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, তাঁর স্ত্রী শিবানী মণ্ডল নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন তৎপর হয়ে ওঠে এবং দ্রুত এলাকায় দুর্যোগ মোকাবিলা দল পাঠানো হয়।
নদীতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি ও উদ্ধারকাজ চালানো সত্ত্বেও শিবানী মন্ডলের কোন খোঁজ মেলেনি। এই কঠিন পরিস্থিতিতে অসহায় পরিবারটির খোঁজ নিতে এবং তাঁদের পাশে এসে দাঁড়াতে দ্রুত ছুটে যান বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তাঁরা শোকার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে যান ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী বিকাশ সর্দার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
তাঁরা এই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং উদ্ধারকাজের বিষয়ে প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছেন বলে আশ্বস্ত করেছেন। ঘটনাটি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। বর্তমানে জোরকদমে উদ্ধারকাজ চলছে। দ্রুত ওই মহিলাকে যাতে উদ্ধার করা যায়, তার চেষ্টা চলছে জোরকদমে।
South Twenty Four Parganas,West Bengal
