Last Updated:
রাজস্থানের দৌসা জেলায় একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের জেরে বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হন।
রাজস্থানের দৌসা জেলায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের জেরে বড় দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের পরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, এতে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছেন। আজ ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি হরিদ্বার থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। দৌসার কোলওয়া থানার অন্তর্গত একটি সরাইখানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায় এবং দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
উদ্ধারকাজ এখনও চলছে। প্রশাসনের আশঙ্কা, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দৌসার অতিরিক্ত পুলিশ সুপার যোগেন্দ্র ফৌজদার জানান, ইন্দোর থেকে হরিদ্বারগামী একটি বাস দিল্লি হাইওয়ের একটি রেস্ট এরিয়ার কাছে গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় দু’জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং ১৭ জন আহত হয়েছেন। জেলা পুলিশ সুপার-সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালাচ্ছে।
দুর্ঘটনার পর দুই মৃতদেহ এবং ১৭ জন আহতকে দৌসা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে প্রশাসনের পক্ষ থেকে ‘গ্রিন করিডর’-এর ব্যবস্থাও করা হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকারী দল বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, এর আগের দিনই উত্তরপ্রদেশের মথুরা জেলায় যমুনা এক্সপ্রেসওয়েতে একই ধরনের একটি মর্মান্তিক দুর্ঘটনায় চার জনের মৃত্যু এবং ২৭ জন আহত হন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
