Last Updated:
Business Idea: সামুদ্রিক মাছের আর দরকারই পড়ছে না! বর্ষার মরশুমে গঙ্গার ছোট মাছ প্রসেসিং করেই পাহাড় মাতিয়ে দিচ্ছেন মালদহের দুর্যোধন চৌধুরীরা। ২৫ টাকার মাছ শুকিয়ে বিকোচ্ছে ২০০ টাকাই, এ যেন এক নতুন রূপকথার ব্যবসা!
মালদহ, জিএম মোমিন: সামুদ্রিক মাছের ওপর নির্ভরতা কমিয়ে এবার গঙ্গার মাছ দিয়েই তৈরি হচ্ছে উন্নত মানের শুটকি। বর্ষার মরশুমে সামুদ্রিক মাছের আমদানি বন্ধ থাকলেও থেমে নেই উৎপাদন। মালদহের গঙ্গা থেকে ধরা ভোলা, পুঁটি-সহ বিভিন্ন ছোট মাছ প্রক্রিয়াকরণ করে তৈরি হচ্ছে শুটকি, যা ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল এবং বিভিন্ন পাহাড়ি রাজ্যের বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। কৃষি ও আম উৎপাদনের জন্য পরিচিত মালদহ জেলায় দীর্ঘদিন ধরেই শুটকি মাছ প্রক্রিয়াকরণের একটি বড় শিল্প গড়ে উঠেছে। বর্ষাকালে সামুদ্রিক মাছের জোগান কমে যাওয়ায় উৎপাদকরা এখন ভরসা রাখছেন গঙ্গার মাছের ওপর। সেই সুযোগকে কাজে লাগিয়ে মালদহের কালিয়াচক-২ ব্লকের রাজনগর গ্রামের বাসিন্দা দুর্যোধন চৌধুরী গঙ্গার ভোলা ও পুঁটি মাছ দিয়ে শুটকি উৎপাদন করে সাফল্যের মুখ দেখছেন।
প্রায় ২০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত দুর্যোধন চৌধুরী জানান, বর্তমানে সামুদ্রিক মাছ না পাওয়ায় গঙ্গার মাছ দিয়েই শুটকি তৈরি করছেন। স্থানীয় বাজার থেকে প্রতি কেজি মাছ ২০ থেকে ২৫ টাকা দরে কিনে প্রক্রিয়াকরণের পর সেই শুটকি ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তিনি নিয়মিত শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে এই শুটকি সরবরাহ করেন, যেখানে এর চাহিদা ক্রমশ বাড়ছে।
মালদহ জেলা মৎস্য আধিকারিক অঞ্জন কুমার বসু জানান, শুটকি উৎপাদনের প্রধান উৎস সাধারণত সামুদ্রিক অঞ্চল ও বড় নদী। মালদহের উৎপাদকরা দিঘা, কাকদ্বীপ, কাঁথি, ওড়িশা এবং জেলার গঙ্গা নদী থেকে মাছ সংগ্রহ করেন। পাশাপাশি জেলার বিভিন্ন পুকুর ও জলাশয় থেকে পুঁটি, ট্যাংড়া, চিংড়ির মতো ছোট মাছ সংগ্রহ করেও শুটকি তৈরি করা হয়। পাহাড়ি রাজ্যগুলিতে এই শুটকির উল্লেখযোগ্য বাজার রয়েছে। তিনি বলেন, “পরিকল্পিতভাবে এই শিল্পের আরও বিস্তার ঘটানো গেলে জেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিষয়টি নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছেও প্রস্তাব পাঠানো হবে।”
জেলা মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার, কালিয়াচক-১, কালিয়াচক-২, মানিকচক, রতুয়া-১ ও হরিশ্চন্দ্রপুর এই ছয়টি ব্লকে ব্যাপকভাবে শুটকি মাছ প্রক্রিয়াকরণ হয়। জেলার প্রায় চার হাজার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে যুক্ত। সংশ্লিষ্ট মহলের মতে, আম শিল্পের মতোই যদি শুটকি মাছ উৎপাদনের পরিধি আরও বাড়ানো যায়, তবে মালদহের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন দিগন্তের সূচনা হবে।
Maldah,West Bengal
Business Idea: সামুদ্রিক মাছ ছাড়াই কেল্লাফতে! ২৫ টাকার গঙ্গার মাছ শুকিয়ে ২০০ টাকায় বিক্রি, ব্যবসার নয়া দিগন্ত, দেখে তাজ্জব মৎস্য দফতর