Last Updated:
Car Accident: বুধবার গভীর রাতে একটি গাড়ি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। চলন্ত গাড়িতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলার লক্ষ্মণগড় এলাকার কাছে।
আলওয়ার: বুধবার গভীর রাতে দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে এক মর্মান্তিক দুর্ঘটনায় চলন্ত গাড়িতে আগুন লেগে পাঁচজন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলার লক্ষ্মণগড় এলাকার কাছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িটি চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে, ফলে ভিতরে থাকা যাত্রীরা আটকে পড়েন। গাড়িতে থাকা পাঁচজন ঘটনাস্থলেই পুড়ে মারা যান। তবে চালক বিনোদ কুমার মেহার কোনওভাবে গাড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন, যদিও তিনি প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন। প্রথমে তাকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলা হয় এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ কৈলাশ জিন্দাল জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। গাড়িটি সিএনজি চালিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বেরিয়ে আসারও সময় পাননি।
মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পিটিআই সূত্রে জানা গিয়েছে, নিহতদের মধ্যে তিনজন মহিলা, এক নাবালিকা এবং এক পুরুষ রয়েছেন। তারা সকলেই মধ্যপ্রদেশের শেওপুর জেলার বাসিন্দা এবং জম্মু ও কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। জানা গিয়েছে গাড়ি থেকে শুধু কঙ্কালসার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে, যা আলাদা করে সংরক্ষণ করা হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Apr 30, 2026 12:23 PM IST
