Last Updated:
Datan Fair Weather Bridge Damage: লাগাতার বর্ষণে উত্তাল সুবর্ণরেখা নদী। জলের প্রবল চাপে দাঁতনের বেলমূলা ঘাটে প্রতি বছর গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হওয়া কাঠের ‘ফেয়ার ওয়েদার’ সেতুটি তছনছ হয়ে গেল। ধস নেমেছে ফেরিঘাটের রাস্তায়। ফলে বিকল্প পথ হিসেবে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: টানা বৃষ্টির জেরে জলস্তর অস্বাভাবিক হারে বেড়েছে সুবর্ণরেখা নদীতে। আর তার জেরেই পশ্চিম মেদিনীপুরের দাঁতন ব্লকের বেলমূলা এলাকায় ভেঙে গেল একটি গুরুত্বপূর্ণ অস্থায়ী ‘ফেয়ার ওয়েদার’ সেতু। এর ফলে বাংলা ও ওড়িশার মধ্যে অন্যতম সহজ ও সংক্ষিপ্ত যোগাযোগের পথটি আপাতত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হঠাৎ করে যোগাযোগ ব্যবস্থা এমন বিপর্যস্ত হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন দুই রাজ্যের নিত্যযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর বর্ষা বিদায় নিলেই এলাকার মানুষজনের নিজস্ব উদ্যোগে বেলমূলা সদরঘাটে মোরাম, বালি ও কাঠ দিয়ে এই অস্থায়ী সেতুটি গড়ে তোলা হয়। এই পথ ধরে বাংলার দাঁতন থেকে খুব সহজেই ওড়িশার জলেশ্বর বা খড়িকায় যাতায়াত করা যায়। এর ফলে দুই রাজ্যের মানুষের সময় যেমন বাঁচে, তেমনই ব্যবসা-বাণিজ্যের সুবিধাও হয়। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে সুবর্ণরেখার জল হু হু করে বাড়তে থাকায় এই অস্থায়ী কাঠামোটি জলের তোড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুধু তাই নয়, নদীর জল বাড়ার কারণে দাঁতন থেকে খড়িকা যাওয়ার ফেরিঘাট সংলগ্ন সংযোগকারী রাস্তার একাংশও ধসে গিয়েছে। সহজ যোগাযোগের এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই সাধারণ মানুষকে এখন প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ ঘুরপথে গন্তব্যে যাতায়াত করতে হচ্ছে।
Paschim Medinipur,West Bengal