Last Updated:
CEO on West Bengal Assembly Elections Result 2026: প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগোতেই বহু জায়গায় শুরু হয়েছে বিজয়োল্লাস। কিন্তু ফলপ্রকাশের পর আজ কি আদৌ বিজয় মিছিল করতে পারবে রাজনৈতিক দলগুলি?
কলকাতা: চলছে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। এখনও ফলাফল সামনে আসতে দেরি। তারই মাঝে সকালের ট্রেন্ডে এগিয়ে রয়েছে বিজেপি। দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। প্রাথমিক ট্রেন্ডে বিজেপি এগোতেই বহু জায়গায় শুরু হয়েছে বিজয়োল্লাস। কিন্তু ফলপ্রকাশের পর আজ কি আদৌ বিজয় মিছিল করতে পারবে রাজনৈতিক দলগুলি? তা নিয়ে সোমবার নতুন করে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।
সিইও মনোজ আগরওয়াল জানালেন, বিজয় মিছিল নিয়ে আলাদা করে কমিশনের কোনও নিষেধাজ্ঞা নেই। কিন্তু শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সোমবার এধরনের কোনও উদযাপন না করাই ভাল বলে মনে করছে কমিশনের কর্তারা। যদি বা কেউ বিজয় মিছিল করতে চায়, তাহলে আগাম কমিশনের অনুমতি নিতে হবে। মনোজ আগরওয়াল বলেন, ‘বিজয় মিছিল নিয়ে কোনও অর্ডার নেই। মিছিল করতে গেলে তো অনুমতি নিতে হবে। তাই সেটা আজ হওয়া সম্ভব না’।
রায়গঞ্জের অভিযোগ নিয়ে সিইও বলেন, ‘যেখানে যেখানে অভিযোগ আসছে আমরা খতিয়ে দেখছি। যে অভিযোগ আছে সেটা মেটানোর চেষ্টা করছে। ফলতা থেকে আমাদের ফিল্ড অবজারভার রিপোর্ট দিয়েছে, ফলতা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও সচেতন হবে। পঞ্চায়েত ইলেকশনে আমাদের খুব সাহায্য করবে এই অভিজ্ঞতা।’
মনোজের বক্তব্য, ‘সংবাদমাধ্যমকে ধন্যবাদ। আমাদের সমস্ত কথা আপনারা মানুষকে পৌঁছে দিয়েছেন বলেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তাছাড়া আমাদের কর্মীরাও অনেক সাহায্য করেছে আর সাধারণ ভোটাররাও সাহায্য করেছেন সকলের প্রতি কৃতজ্ঞ আমি। ভোটের পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমাদের। মানুষকে অনুরোধ করছি শান্ত থাকুন।’
প্রীতি সাহা
Kolkata,West Bengal
May 04, 2026 12:03 PM IST
