Last Updated:
চন্দ্রনাথ রথ খুনে ব্যবহৃত গাড়ির FASTag ও UPI লিঙ্ক থেকে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে চিহ্নিত, টাওয়ার ডাম্পিং টেকনোলজি ও বিশেষ সফটওয়্যারে সন্দেহভাজন মোবাইল ট্র্যাক করছে পুলিশ
কলকাতা: চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ির FasTag পেমেন্ট থেকে একটি ইউপিআই লিঙ্কের হদিশ পেল পুলিশ। ইউপিআই লিঙ্কের সূত্র ধরেই ঝাড়খণ্ডের একজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, খুনে ব্যবহৃত গাড়িটি বালি টোলপ্লাজা হয়ে এলাকায় ঢুকেছিল। টোল প্লাজার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে গাড়িটি চিহ্নিত করা হয়েছে। টোল প্লাজায় টোল বাবদ FASTag পেমেন্ট হয়েছিল। সেই সূত্র ধরেই অনলাইন পেমেন্ট মোড যার অ্যাকাউন্ট থেকে হয়েছে তাকে চিহ্নিত করা হয়েছে।
চন্দ্রনাথের সঙ্গে বিগত ৮ বছরের সম্পর্ক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রাক্তন বায়ুসেনা কর্মী ছিলেন চন্দ্রনাথ রথ। বাড়ি পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর ৫ গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় থেকেই ব্যক্তিগত পরিচয় ছিল তাঁদের। তখন থেকেই বিশেষ আস্থাভাজন ছিলেন চন্দ্রনাথ। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ড তদারকি করাই ছিল চন্দ্রের কাজ। বুধবার রাতে আচমকাই খুন হন তিনি।
চন্দ্রনাথ রথ খুনের কিনারায় আততায়ীর গতিবিধি জানতে নেওয়া হচ্ছে প্রযুক্তির সাহায্য। আততায়ীর গতিবিধি এবং তাদের মোবাইলের তথ্য পেতে টাওয়ার ডাম্পিং টেকনোলজির সাহায্য নিচ্ছে বিশেষ তদন্তকারী দল। খুনের ঘটনার আগে ও পরের কয়েক ঘণ্টায় ওই এলাকার কোন কোন মোবাইল নম্বর থেকে ফোন করা হয়েছে বা কল রিসিভ করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহজনক মোবাইল নম্বরের খোঁজেই ঘটনাস্থলের আশপাশে এলাকার বেশ কয়েকটি সেল টাওয়ারের ডাম্পিং করা হচ্ছে।
আরও পড়ুন: রাস্তা চিনিয়ে পালাতে সাহায্য করল কে? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে পুলিশের নজরে লোকাল গ্যাং! বড় আপডেট
পুলিশের দাবি, বিশেষ সফটওয়্যারের সাহায্যে একাধিক ফোন কলের মধ্যে থেকে সন্দেহভাজন নম্বরগুলোকে চিহ্নিত করার কাজ চলছে। ওই টাওয়ারগুলির রেগুলার ফোন কলকে বাদ দিয়ে ঘটনার আগে-পরে হঠাৎ কোন কোন নম্বরে কলের আদান প্রদান হয়েছে, তা চিহ্নিত করা এবং সেই সন্দেহভাজন নম্বরগুলির টাওয়ার লোকেশন ট্র্যাক করে গতিবিধি জানার চেষ্টা করা হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
May 10, 2026 10:46 AM IST
