Last Updated:
Raiganj Chicken Price Hike: হু হু করে বেড়েছে মুরগির মাংসের দাম। ভোটের আগে অবধি যেখানে ২২০-২৪০ টাকা/কেজিতে ঘোরাফেরা করছিল, সেখানে নির্বাচনের মরশুমে তা একলাফে ৩০০ হয়ে গিয়েছে।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ বিধানসভা ভোটের জন্য ঊর্ধ্বমুখী রাজ্য রাজনীতির পারদ। তেমনই চড়চড় করে বাড়ছে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও। ব্রয়লার মুরগির মাংসের দাম একলাফে ৩০০ ছুঁয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে ডিমের মূল্যও। ভোটের রেজাল্টের আগে রবিবার রায়গঞ্জে দেখা গেল এই ছবি।
রবিবার মানেই মূলত ছুটির দিন। সপ্তাহের এই একটি দিনে বহু বাঙালি বাড়িতে মুরগির মাংস রান্না হয়। তবে গতকাল মাংস কিনতে গিয়ে কার্যত পকেটে ছ্যাঁকা লাগে রায়গঞ্জবাসীর। ভোটের আগে অবধি মুরগির মাংসের দাম ২২০-২৪০ টাকা/কেজিতে ঘোরাফেরা করছিল, সেখানে ভোটের বাজারে তা ৩০০ ছুঁয়েছে।
রঞ্জিত মোদক নামে মোহনবাটি বাজারের এক মুরগি বিক্রেতা জানান, ভোটের সময় থেকে হু হু করে মুরগির চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে দামও বেড়েছে। ২২০-২৪০ টাকা কেজি প্রতি মাংসের দাম এখন ৩০০ হয়েছে। ভোটের দিন আবার বাজারে মুরগির মাংস শেষ হয়ে গিয়েছিল। কোথাও পাওয়া যাচ্ছিল না।
তবে শুধু মুরগির মাংসই নয়, ভোটের বাজারে ডিমের দামও একলাফে অনেকটা বেড়েছে। প্রতি পেটিতে ৩০-৪০ টাকা অবধি বেড়েছে বলে খবর। মুরগির মাংসের এভাবে দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সব মিলিয়ে, ভোটের মরশুমে মুরগির মাংস কিনতে গিয়ে পকেটে ছ্যাঁকা খেয়েছেন রায়গঞ্জবাসী। এই দাম ফের কবে কমে সেটাই আপাতত দেখার।
Uttar Dinajpur,West Bengal
May 04, 2026 10:03 AM IST
