Last Updated:
West Bengal Assembly Election 2026: সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। রাজ্যের অন্যান্য জেলার মতো বাঁকুড়াতেও এদিন সকাল থেকে কড়া নিরাপত্তায় ভোটগণনা শুরু হয়েছে।
বাঁকুড়া,নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ভোট গণনাকেন্দ্র বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সোমবার সকাল থেকে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একে একে পোলিং এজেন্ট, গণনাকর্মী ও বাকি সংশ্লিষ্ট আধিকারিকরা কেন্দ্রে প্রবেশ করছেন। প্রশাসনের তরফে কড়া নজরদারি ও সুসংগঠিত ব্যবস্থাপনার মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, যাতে কোনও রকম বিশৃঙ্খলা বা অনিয়মের সুযোগ না থাকে।
গোটা বাঁকুড়া জেলা জুড়ে মোট তিনটি ভোট গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এগুলি হল খাতরা আদিবাসী মহাবিদ্যালয়, কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং বাঁকুড়া শহর সংলগ্ন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে ব্যস্ততা চোখে পড়ছে। গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি টেবিলে প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার দিক থেকে কোনও রকম ঝুঁকি না নিয়ে প্রতিটি গণনাকেন্দ্রে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছে।
কেন্দ্রে প্রবেশের আগে কঠোরভাবে প্রত্যেকের পরিচয়পত্র পরীক্ষা করা হচ্ছে। অনুমোদিত ব্যক্তিদের ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, গণনাকেন্দ্রের বাইরে নিরাপদ দূরত্বে রাজনৈতিক দলগুলির অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে, যাতে ভিড় নিয়ন্ত্রণে থাকে এবং আইনশৃঙ্খলা বজায় থাকে।
এবারের নির্বাচনে গোটা বাঁকুড়া জেলায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে, যা রাজনৈতিক মহলে বাড়তি উত্তেজনা তৈরি করেছে। সোমবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ফলাফল স্পষ্ট হতে শুরু করবে এবং দিনের শেষে নির্ধারিত হবে জেলার রাজনৈতিক ভবিষ্যৎ। একইসঙ্গে এই ফলাফল রাজ্যের সামগ্রিক রাজনৈতিক সমীকরণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Bankura,Bankura,West Bengal
WB Assembly Election 2026: ভোট উৎসবের মেগা ফিনালে! কড়া নিরাপত্তায় বাঁকুড়ায় চলছে গণনা, বেলা গড়ানোর সঙ্গেই স্পষ্ট হতে শুরু করবে ফলাফল