Last Updated:
বুধবার দুপুরে আচমকাই তারাতলার ওই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন তাঁরা। ঘটনা নজরে আসতে স্থানীয়েরা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল।
কলকাতা: তারাতলার দুর্ঘটনায় আহত ২০ জন শ্রমিক বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের দেখতে আজ সন্ধেবেলা এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী। কোথায় বাড়ি, এখানে কাজে কে এনেছিল? সব খোঁজই নেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসাতে যেন কোনও রকম গাফিলতি না হয় সে ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।

কলকাতা: তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ১৮ জন৷ এসএসকেএমে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তারাতলায় বন্দরের জমি, সেই লিজ নিয়ে গুদাম তৈরির কাজ চলছিল। বেহরা ব্রাদ্রার্সের নামে লিজ নেওয়া হয়েছিল জমিটি। প্রবল বৃষ্টিতে সম্ভবত নরম হয়ে পড়ে নির্মীয়মাণ ছাদ। স্থানীয় সূত্রে দাবি, সকাল থেকেই দুলছিল নির্মীয়মাণ ওই কাঠামো। শ্রমিকেরা তা পরখ করতে গিয়েছিলেন। তারপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লোহার বিম-সহ প্রায় পাঁচ তলা উঁচু ওই কাঠামো। কংক্রিটের স্তূপের নীচে চাপা পড়ে যান শ্রমিকেরা।
এ দিন বেলা ১২টার কিছু পরে তারাতলার এই নির্মীয়মাণ গোডাউনটি ভেঙে পড়ে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ সেই সময় অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে খবর৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘তারাতলার কাছে বেসব্রিজ এলাকায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ে একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন৷ এই ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত৷ এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে৷ যে অমূল্য প্রাণগুলি চলে গেল, সেই বেদনা প্রকাশের জন্য কোনও শব্দই যথেষ্ট নয়৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি৷ এই কঠিন সময়ে রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের পাশে থাকবে৷’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 24, 2026 10:28 PM IST
