Last Updated:
প্রসঙ্গত, দুপুরে ব্রেসব্রিজ তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। এখনও পর্যন্ত অনেককে উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ভিতরে আটকে রয়েছেন আরও প্রায় বেশ কয়েক জন। পুলিশ, দমকল-সহ সেনাবাহিনী নামানো হয়েছে উদ্ধারে। ঘটনাস্থলে জাতীয়-রাজ্য বিপর্যয় মোকাবিলা দল।
কলকাতা: তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে৷ আহত হয়েছেন ১৮ জন৷ এক্স হ্যান্ডেলে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ দুর্ঘটনাস্থলেও পৌঁছন শুভেন্দু অধিকারী৷ বিকেল ৪.৪০ মিনিট নাগাদ তারাতলায় পৌঁছন মুখ্যমন্ত্রী৷ আগেই তারাতলার দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ তদারকি করতে রাজ্যের তিন জন মন্ত্রী পৌঁছেছিলেন৷ তিনি বলেন, ‘আমাকে ndrf, আর্মি বলেছে আরও ১২-১৫ জন ভিতরে আছে৷ তাঁদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পেরেছে।’
তারাতলার দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে অন্তত ৩ জনের মৃত্যু এবং ১৮ জন আহত হওয়ার ঘটনার পর এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানিয়েছেন, প্রাথমিক ভাবে কলকাতা পুরসভা থেকে জানানো হয়েছে, ওই নির্মীয়মাণ গোডাউনের নকশাতেই ত্রুটি ছিল৷ তা সত্ত্বেও কীভাবে ওই নকশা পাস হল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা থেকে এই নকশা অনুমোদন করা হয়েছিল৷
তিনি জানিয়েছেন, কলকাতা পুরসভা এলাকায় তৃণমূল আমলে অনুমতি পাওয়া যে বাণিজ্যিক নির্মাণগুলির কাজ চলছে, সেই সমস্ত কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে৷ কলকাতা পুরসভা, পুলিশ, পূর্ত দফতর, সিভিল ডিফেন্স, দমকল, কেএমডিএ-এর বিশেষজ্ঞদের নিয়ে একটি অডিট কমিটি গড়া হবে৷ সেই কমিটি কলকাতা পুরসভা এলাকার সমস্ত বাণিজ্যিক নির্মাণগুলির বিল্ডিং প্ল্যান সহ সমস্ত নথি খতিয়ে দেখবে৷ নথি ত্রুটিমুক্ত হলে ১ অগাস্ট থেকে মিলবে কাজ করার ছাড়পত্র৷
এ দিন বেলা ১২টার কিছু পরে তারাতলার এই নির্মীয়মাণ গোডাউনটি ভেঙে পড়ে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের৷ সেই সময় অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন বলে খবর৷ এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘তারাতলার কাছে বেসব্রিজ এলাকায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে পড়ে একাধিক শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন৷ এই ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত৷ এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে৷ যে অমূল্য প্রাণগুলি চলে গেল, সেই বেদনা প্রকাশের জন্য কোনও শব্দই যথেষ্ট নয়৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমি আমার গভীর সমবেদনা জানাচ্ছি৷ এই কঠিন সময়ে রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের পাশে থাকবে৷’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
