Last Updated:
CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাসভবনে হাইপ্রোফাইল নৈশভোজ, উপস্থিত CBI-ED-NIA কর্তারা। কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?
কলকাতা: রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সৌজন্যে আয়োজিত হল বিশেষ নৈশভোজ। প্রশাসনিক ও রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ও কেন্দ্রের একাধিক শীর্ষ আধিকারিক। ‘পশ্চিমবঙ্গের জন্য শান্তি চাই’, নৈশভোজ চলাকালীন চা খেতে খেতে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী বলেই সূত্রের খবর।
সূত্রের খবর, প্রায় চল্লিশ মিনিট ধরে চলে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী “সবাই মিলে একসঙ্গে কাজ করব” বার্তা দেন উপস্থিত আধিকারিকদের। চায়ের আড্ডায় প্রশাসনিক সমন্বয় ও সহযোগিতার বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। যদিও নৈশভোজের আয়োজন থাকলেও মুখ্যমন্ত্রী নিজে ডিনার করেননি।
এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির কলকাতার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন সিবিআই (Central Bureau of Investigation), ইডি (Directorate of Enforcement), এনআইএ (National Investigation Agency)-এর উচ্চপদস্থ কর্তারা। পাশাপাশি বিভিন্ন সেনাবাহিনীর আধিকারিক ও কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও যোগ দেন।
দীর্ঘদিন পর রাজ্যে প্রশাসনের শীর্ষস্তর ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের একসঙ্গে একই মঞ্চে দেখা গেল। ফলে এই নৈশভোজ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব পেয়েছে। অনুষ্ঠানে আমিষ ও নিরামিষ — দুই ধরনের খাবারেরই ব্যবস্থা ছিল। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যেও সৌজন্য বিনিময় নজর কেড়েছে। প্রশাসনিক সমন্বয় ও সহযোগিতার বার্তাই ছিল এই বিশেষ আয়োজনের মূল আকর্ষণ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Kolkata,West Bengal
May 25, 2026 10:34 PM IST
