Last Updated:
Cockroach Janata Party: আন্দোলনকারীদের মামলা প্রত্যাহারের দাবি, দিল্লি পুলিশের নির্দেশ না পাওয়ায় নতুন করে চাপ বাড়াল সিজেপি। কী অভিযোগ?
নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টি (সিজেপি) হুঁশিয়ারি দিয়েছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি অবিলম্বে প্রত্যাহার না করা হলে তারা ফের আন্দোলনে বসতে বাধ্য হবে।
দলের জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে যে সমঝোতা হয়েছিল, তা লঙ্ঘন করা হয়েছে। সমাজমাধ্যমে করা এক পোস্টে তিনি দাবি করেন, বিহার ও পশ্চিমবঙ্গে শতাধিক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি দিল্লি ও অন্যান্য রাজ্যে বহু আন্দোলনকারী নজরদারি ও হয়রানির মুখে পড়ছেন।
রাঙ্কার দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেফতার হওয়া ছাত্রদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না। অন্যথায় সিজেপি আবারও আন্দোলনে নামবে। পাশাপাশি, আইনি মামলাগুলি নিয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতার লিখিত নথি প্রকাশ এবং তা কার্যকর করার নির্দিষ্ট সময়সূচিও প্রকাশের দাবি জানিয়েছে দলটি।
Dear @JPNadda @DrJitendraSingh ji,
We are observing a complete breach of the agreement regarding no police action against the protestors. Hundreds of students have been arrested in Bihar and Bengal, and hundreds are being surveilled/harrassed in Delhi and other states. Multiple…
— Ashutosh Ranka (@AshutoshRanka) July 27, 2026
গত ২০ জুলাই দিল্লিতে সিজেপির বিক্ষোভ কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে। আবার কয়েকটি ভাইরাল ভিডিওতে কিছু আন্দোলনকারীকে পুলিশকর্মীদের উপর হামলা করতেও দেখা যায় বলে অভিযোগ।
সরকারের সঙ্গে একাধিক দাবিতে সমঝোতার পর সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে। সেই সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দলের দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও অন্যান্য মামলা প্রত্যাহার করাও ওই সমঝোতার অবিচ্ছেদ্য অংশ ছিল।
সরকার নির্দেশ দিলে দিল্লি পুলিশ প্রসিকিউশনের মাধ্যমে উপরাজ্যপালের অনুমতি চেয়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব পাঠাবে। অনুমোদন মিললে সংশ্লিষ্ট আদালতকে জানানো হবে যে, এই মামলাগুলিতে আর আইনি প্রক্রিয়া চালিয়ে যেতে চায় না সরকার। তবে মামলাগুলি প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের হাতেই থাকবে। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, সাংবাদিকদের উপর হামলার অভিযোগে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করা হবে না।
Kolkata,West Bengal
