Last Updated:
দেশের বিভিন্ন অংশ থেকে মানুষ অনলাইনে এই আলোচনাচক্রে যোগ দিতে পারবেন৷
ই ২০ মিশ্রিত পেট্রোলের ব্যবহার বন্ধ করার দাবিতে এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি৷ আগামী ১ অগাস্ট দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ই ২০ মিশ্রিত পেট্রোলের ব্যবহার নিয়ে একটি সর্বভারতীয় স্তরের আলোচনা চক্রেরও আয়োজন করেছে আপ৷
ওই আলোচনা চক্রে বিশেষজ্ঞ, গাড়ির মালিক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন৷ যানবাহনে ই ২০ মিশ্রিত পেট্রোলের ব্যবহারের কী প্রভাব, তা নিয়েই নিজেদের মতামত জানাবেন আলোচনা চক্রে অংশগ্রহণকারীরা৷ পাশাপাশি, ই ২০ মিশ্রিত পেট্রোল ব্যবহারের বিরুদ্ধে এই আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখা কী হবে, তাও ঠিক করা হবে ওই বৈঠক থেকে৷
শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল বলেন, ‘দেশের যুবসম্প্রদায় একটি দাম্ভিক সরকারকে মানুষের সামনে মাথা নত করতে বাধ্য করেছে৷ আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, এ বার ই ২০ মিশ্রিত পেট্রোল নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান করুন৷ মানুষ খুবই গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছেন৷ তাঁদের যানবাহনের ক্ষতি হচ্ছে, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে৷ এই ইস্যুটিও বড় আকার নেওয়ার আগে প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে সমস্যার সমাধান করুন৷’
ই ২০ মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই ১ অগাস্টের আলোচনা চক্রের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অরবিন্দ কেজরীওয়াল৷ সশরীরে এবং অনলাইনে মিলিয়ে হাজার হাজার মানুষ এই আলোচনা চক্রে যোগ দেবেন বলে আশাপ্রকাশ করেছেন কেজরীওয়াল৷
কেজরীওয়াল জানিয়েছেন, ‘ই ২০ মিশ্রিত পেট্রোলের ব্যবহারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার জন্য অনলাইনে আবেদন জানিয়েছিলেন তিনি৷ ইতিমধ্যেই ২ লক্ষের বেশি মানুষ সেই আবেদন সাড়া দিয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন কেজরীওয়াল৷ আগামী সপ্তাহে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই চিঠিগুলি জমা দেবেন বলেও জানিয়েছেন কেজরীওয়াল৷’
Kolkata,West Bengal
