Last Updated:
Cooch Behar News: এই কলেজের একাধিক পড়ুয়া জানান, কলেজের মাঠে নিয়মিতভাবে খেলাধূলা হয়। তবে হেলিপ্যাডের সরঞ্জাম পড়ে থাকার কারণে বহুদিন ধরে সেসব বন্ধ।
কোচবিহারঃ কোচবিহারের এবিএন শীল কলেজের মাঠের বেহাল দশা। বিধানসভা ভোটের প্রচারের সময় এই মাঠ হেলিপ্যাডের জন্য ব্যবহৃত হয়েছিল। এরপর ভোট মিটে গিয়ে রেজাল্ট বেরিয়ে গেলেও মাঠে প্রচুর বাঁশ, বালি, বালির বস্তা, পেভার্স ব্লক পড়ে রয়েছে। এদিকে এই নিয়ে সমস্যায় পড়েছেন কলেজ কর্তৃপক্ষ ও পড়ুয়ারা।
জানা যাচ্ছে, জেলায় ভোট প্রচারের জন্য এই কলেজ মাঠে তিনবার হেলিপ্যাড বানানো হয়েছিল। এরপর বেশ অনেকটা সময় কেটে গেলেও এবিএন শীল কলেজের মাঠে এখনও হেলিপ্যাডের সরঞ্জাম পড়ে রয়েছে। কলেজের বেশ কিছু পড়ুয়া জানান, এই মাঠে নিয়মিতভাবে খেলাধূলা হয়। তবে হেলিপ্যাডের সরঞ্জাম পড়ে থাকায় বহুদিন ধরে সেসব বন্ধ।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষ নীলয় রায় বলেন, “কাদের জিনিস, সেগুলি কারা পরিষ্কার করবে সেসব আমার জানায় বিষয় নয়। তবে কলেজের মাঠে যাদের জিনিস পড়ে রয়েছে, তাঁদের দায়িত্ব নিয়ে সেগুলি পরিষ্কার করে দেওয়ার অনুরোধ করছি। এখানে নিয়মিত খেলাধূলা হয়। তবে এসব পড়ে থাকার জন্য ব্যাহত হচ্ছে”।
অন্যদিকে পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মৃন্ময় দেবনাথ এই বিষয়ে বলেন, “ওসব পরিষ্কার করার দায়িত্ব আমাদের না। প্রশাসনিক কাজে যদি হেলিপ্যাড তৈরি করা হয় তাহলে আমরা সবটার দায়িত্বে থাকি। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র হেলিপ্যাডের ফিটনেস দেখার দায়িত্ব ছিল। ভোট প্রচারের সময় যারা আসেন, সেই দলের তরফ থেকে হেলিপ্যাড তৈরি করা হয়। সেই জন্য পরিষ্কারের দায়িত্বই সেই দলেরই থেকে যায়”।
ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শেষ অবধি এবিএন শীল কলেজের মাঠ থেকে হেলিপ্যাডের সরঞ্জাম কবে সরে সেটাই দেখার।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
Cooch Behar News: কলেজের মাঠের বেহাল দশা! এখনও পড়ে রয়েছে হেলিপ্যাডের সরঞ্জাম, দীর্ঘদিন ধরে ব্যাহত পড়ুয়াদের খেলাধূলা
