Last Updated:
Darjeeling News: গোর্খা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কৃষিভিত্তিক উৎসব ‘অসার পনেরো’। এদিন সকালে ঐতিহ্যবাহী পোশাকে সেজে পাহাড়ি নারী-পুরুষ থেকে শুরু করে শিশু-কিশোররা কাদামাটির মাঠে নেমে ধান রোপণের কাজে মেতে ওঠেন। ধান রোপণের পাশাপাশি অসারে গান, লোকনৃত্য ও হাসি-উল্লাসের মধ্য দিয়ে সম্প্রীতির অপূর্ব ছবি ফুটে ওঠে। এই উৎসব ভাল ফলনের প্রার্থনা।
কালিম্পং, ঋত্বিক ভট্টাচার্য: আধুনিকতার ব্যস্ততার মাঝেও পাহাড়ি জনজীবনে আজও সমান গুরুত্ব বহন করে চলেছে কৃষি ও সংস্কৃতির প্রাচীন ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বুকে ধারণ করেই কালিম্পং জেলার পারেংটার এলাকায় উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল গোর্খা সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক উৎসব ‘অসার পনেরো’। কাদামাটির মাঠে নেমে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন বিভিন্ন বয়সের মানুষ। সকালের প্রথম আলো ফুটতেই স্থানীয় বাসিন্দারা ঐতিহ্যবাহী পোশাকে ধানক্ষেতে জড়ো হন।
শুভক্ষণ মেনে শুরু হয় ধান রোপণের কাজ। নারী-পুরুষ, যুবক-যুবতী এমনকী শিশুরাও অংশ নেয় এই উৎসবে। কৃষিকাজের সঙ্গে উৎসবের আবহ মিশে গিয়ে গোটা এলাকাকে পরিণত করে এক প্রাণবন্ত মিলনমেলায়। ধান রোপণের ফাঁকেই ভেসে ওঠে ঐতিহ্যবাহী অসারে গান। লোকসঙ্গীতের সুরে ও নৃত্যের তালে তালে কাদামাখা মাঠে আনন্দে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। হাসি, উল্লাস আর পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে ফুটে ওঠে পাহাড়ি সমাজের চিরন্তন ঐক্য ও সম্প্রীতির ছবি।
নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই উৎসবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি, কৃষি ও লোকসংস্কৃতির অপূর্ব সমন্বয় হিসেবে অসার পনেরো আজও পাহাড়ি সমাজের হৃদস্পন্দন হয়ে রয়েছে। প্রযুক্তি ও আধুনিকতার যুগেও মাটির গন্ধ, লোকগানের সুর এবং সম্মিলিত পরিশ্রমের এই উৎসব প্রমাণ করে, নিজের শিকড়কে আঁকড়ে ধরেই ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চায় পাহাড়ের মানুষ।
Darjeeling (Darjeeling),Darjeeling,West Bengal